রংপুরে ৮০১ কোটি টাকার বাজেট ঘোষণা
উন্নয়ন অনুদান ও কর আদায়কে আয়ের মূল খাত দেখিয়ে রংপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ৮০১ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
এই বাজেট গত অর্থবছরের চেয়ে ১৫৬ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা বেশি।
গত সোমবার নগর ভবনের সম্মেলনকক্ষে মেয়র সরফুদ্দীন আহমেদ এ বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন করে করারোপ করা হয়নি। তবে করের আওতা বাড়ানো হয়েছে।
প্রস্তাবিত বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) ও বিদেশি সংস্থার কাছ থেকে উন্নয়ন অনুদানকে সর্বোচ্চ আয়ের খাত হিসেবে দেখানো হয়েছে। এসব খাত থেকে আয় ধরা হয়েছে ৭৫৪ কোটি ৬০ লাখ টাকা। সিটি করপোরেশনের নিজস্ব রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা। আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৪৬ লাখ ১১ হাজার টাকা।
আগামী অর্থবছরে ব্যয় নির্বাহের সিংহভাগই নির্ভর করছে উন্নয়ন অনুদান পাওয়ার ওপর।
গত অর্থবছরে ৬৪৫ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকার বাজেটেও সর্বোচ্চ আয় ধরা হয়েছিল উন্নয়ন অনুদান থেকে। এ অনুদান থেকে আয় ধরা হয়েছিল ৫০০ কোটি ১৪ লাখ ১৬ হাজার টাকা।
গত বছর বাজেটের ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানান মেয়র।
বাজেট বক্তৃতায় সরফুদ্দীন আহমেদ বলেন, দারিদ্র্যমুক্ত, পরিবেশবান্ধব, আধুনিক ও নিরাপদ মহানগর গঠনের লক্ষ্যে এবারের বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। সরকারি ও উন্নয়ন সংস্থার বরাদ্দ যথাযথভাবে পাওয়া গেলে লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন খানসহ কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।