রংপুরে ‘এরশাদ মার্কেট’ নিয়ে টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নামে নির্মাণাধীন ‘এরশাদ হকার্স মার্কেট’-এর কাজ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে জেলা প্রশাসন। এদিকে বিপণিবিতানে সাড়ে তিন শর বেশি দোকানঘর এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়ে গেছে।সরকারি জমিতে পৌরসভার পক্ষ থেকে বিপণিবিতানটি নির্মাণ করা হচ্ছে। কাজের শেষদিকে এসে জেলা প্রশাসনের এমন নির্দেশনায় পৌরসভা ও জেলা প্রশাসনের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে।জানা গেছে, এইচ এম এরশাদের উপস্থিতিতে ২১ মে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে রংপুর বিভাগীয় শহরের উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সবার মতামতের ভিত্তিতে পৌরসভার নির্মাণাধীন এরশাদ হকার্স মার্কেটে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আলোকে ২৪ মে মার্কেটের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।পৌরসভা সূত্র জানায়, রংপুর শহরের ইসলামপুর-হনুমানতলা এলাকায় পৌরসভার পক্ষ থেকে ওই বিপণিবিতাণের নির্মাণকাজ শুরু হয়। গত বছরের মার্চ থেকে এর নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে কাজ প্রায় শেষের দিকে। বিপণিবিতানের ৩৬৭টি দোকানঘর এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। প্রতিটি দোকানের মূল্য দেড় লাখ টাকা ধরা হয়েছে। প্রথম কিস্তিতে ৯০ হাজার এবং বাকি টাকা দ্বিতীয় কিস্তিতে পরিশোধের নিয়ম ছিল। সে অনুযায়ী বরাদ্দ পাওয়া অধিকাংশ দোকানঘরের মালিক ব্যাংকে টাকাও জমা দিয়েছিলেন।এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল গফুর জানান, রংপুর শহরের ইসলামবাগ-হনুমানতলা এলাকায় ১৯৬৩ সালে রংপুর স্টেডিয়ামের নামে ২৬ একর ৫২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ১৩ একর ২১ শতাংশ জমিতে স্টেডিয়াম নির্মাণ করা হয় বাকি অংশের জমি থেকে মাটি কেটে। এতে জমির বড় একটি অংশ পুকুর হয়ে যায়।জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৮২ সালে পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল স্টেডিয়ামের পুকুরসহ বাকি জমিটি রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার নামে আবেদন করলে ভূমি মন্ত্রণালয় তা রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার ওপর অর্পণ করে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে বর্তমান পৌরসভার মেয়র পুকুরটিতে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করেন। এরপর সেখানে গত বছরের মার্চ থেকে দোকানঘরের নির্মাণকাজ শুরু হয়। সেই বিপণিবিতানের নাম দেওয়া হয় ‘এইচ এম এরশাদ পৌর হকার্স মার্কেট’। অনুসন্ধানে জানা যায়, গত বছরের জুনে হকার্স মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং এইচ এম এরশাদ। তিনি সেখানে গেলেও নিজের নামের বিপণিবিতানটি উদ্বোধন না করেই ফিরে যান।পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘নির্মাণকাজ শুরুর সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছুই বলা হয়নি। এখন বিপণিবিতানের নির্মাণকাজ শেষের দিকে। দোকানঘরও বরাদ্দ দেওয়া হয়ে গেছে। এ সময় এমন পত্র দেওয়ায় দোকানঘরের মালিকেরা স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছেন।’ জেলা প্রশাসক বি এম এনামুল হক বলেন, জায়গাটি সরকারি স্টেডিয়ামের। বিভাগীয় শহরের উন্নয়নের জন্য সভায় বিশিষ্টজনেরা ওই স্থানে মহিলা ক্রীড়া কমপ্লেক্স করার পক্ষে মত ব্যক্ত করেছেন। সভার সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।