রংপুরে ‘ভুল’ চিকিৎসায় রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের একটি ক্লিনিকে আনাড়ি চিকিৎসকের অস্ত্রোপচারে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম আরেফা বেগম (৩৫)।আরেফা রংপুর সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের মরিচপাড়া গ্রামের জমশেদ আলীর স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আত্মগোপন করেছেন অভিযুক্ত চিকিৎসক।জমশেদ আলী জানান, গত শনিবার তাঁর স্ত্রী গলায় ব্যথা অনুভব করলে চিকিৎসক শাহজাহান বসুনিয়াকে দেখানো হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, গলায় টনসিলের অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর মালিকানাধীন শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের সমতা ক্লিনিকে আরেফা বেগমকে ভর্তি করা হয়। ভর্তির পর রোববার রাত নয়টার দিকে রোগীকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের জন্য চিকিৎসক শাহজাহান নিজেই রোগীকে অচেতন (অ্যানেসথেসিয়া) করেন। এরপর রোগীর গলায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষ হওয়ার পরও রোগীর চেতনা ফিরছিল না। রাত ১১টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, এখানে অক্সিজেনের সংকট আছে; রোগীকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষই অ্যাম্বুলেন্সে করে রোগীকে ওই হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানান, রোগী আগেই মারা গেছেন।জমশেদ আলী অভিযোগ করেন, ‘শাহজাহান নাক-কান-গলার চিকিৎসক নন। এ ছাড়া তিনি অবেদনবিদও (অ্যানেসথেসিস্ট) নন। তা সত্ত্বেও তিনি নিজে আমার স্ত্রী আরেফাকে অচেতন করে অস্ত্রোপচার করায় তার মৃত্যু হয়। আমি ওই চিকিৎসকের ফাঁসি চাই।’ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসক শাহজাহান বসুনিয়ার বিরুদ্ধে গতকাল সোমবার রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন জমশেদ আলী।রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ জানান, চিকিৎসক শাহজাহান রংপুর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক। তিনি কোনো বিশেষজ্ঞ নন।গতকাল বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমতা ক্লিনিক বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করে চিকিৎসক শাহজাহান বসুনিয়ার মুঠোফোন বন্ধও পাওয়া যায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, মামলার পর চিকিৎসক শাহজাহান আত্মগোপন করেছেন। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আরেফা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।