রংপুরে 'স্কুল ব্যাংকিং কনফারেন্স' অনুষ্ঠিত
রংপুরে গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। গতকাল সকালে বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ে ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ ছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক মো. বজলার রহমান মোল্যার স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খুরশেদ হোসেন, ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান।
প্রধান অতিথি এস কে সুর চৌধুরী বলেন, ‘আর্থিক শিক্ষা হচ্ছে এমন এক ধরনের শিক্ষা, যা আর্থিক খাতের বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারণকে সম্যক ধারণা দেয় ও সচেতন করে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে আর্থিক শিক্ষার ব্যাপক প্রচলন রয়েছে।’