রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক কুনিও হোশির মরদেহ দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু প্রথম আলোকে বলেন, কুনিও হোশির মরদেহ দাফন করার জন্য গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন।
৩ অক্টোবর নগরের উপকণ্ঠে কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা ছিল। কিন্তু কুনিও হোশির স্বজনদের পক্ষ থেকেও তাঁর লাশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়নি। আবার বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাই রংপুরের স্থানীয় প্রশাসনকে জাপান দূতাবাসের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কুনিও হোশি (৬৬) গত ৮ আগস্ট ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর ভিসার মেয়াদ ছিল। তিনি রংপুর শহরের মুন্সিপাড়ায় এ কে এম গোলাম জাকারিয়া ওরফে বালা নামের এক ব্যক্তির বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, জাপানি নাগরিক কুনিও হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই দুজনের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। ৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। আর এই মামলায় গ্রেপ্তার মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব বর্তমানে কারাগারে আছেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, কুনিওকে পরিবহন করা রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।
আরও পড়ুন: