রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার থেকে এই যন্ত্র ব্যবহার করে ভোটের মহড়া (মক ভোটিং) শুরু হয়েছে। এর আগে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে যে ইভিএমগুলো ব্যবহার করা হয়েছিল, এটি সেগুলোর চেয়ে ভিন্ন।
রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে নতুন এই ইভিএম ব্যবহার করা হবে। কারিগরি সমস্যা হলে যাতে ভোট গ্রহণ বিঘ্নিত না হয়, সে জন্য একাধিক যন্ত্র রাখার পাশাপাশি সাধারণ পদ্ধতিতে ভোট নেওয়ার প্রস্তুতিও রাখা হবে।
নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৮ সদস্যের একটি কারিগরি কমিটি ইভিএমের বিভিন্ন দিক পরীক্ষা করে যে পর্যবেক্ষণ দিয়েছে, তা নতুন ইভিএমে যুক্ত করা হয়েছে। নতুন এই ইভিএমে অনলাইনে কোনো সংযোগ থাকবে না। নির্দিষ্ট কেন্দ্রের ভোটারদের তথ্যই শুধু নির্দিষ্ট যন্ত্রে থাকবে। ফলে এটি হ্যাক করার সুযোগ নেই। কোনো ভোটারের একাধিকবার ভোট দেওয়া বা জাল ভোট দেওয়ারও সুযোগ থাকবে না। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হবে।
নতুন এই ইভিএম কীভাবে কাজ করবে, তা ব্যাখ্যা করে শাহাদাত হোসেন বলেন, একজন ভোটার আঙুলের ছাপ বা স্মার্ট কার্ড বা ভোটার নম্বর ব্যবহার করে ভোট দিতে পারবেন। আঙুলের ছাপ বা কার্ড, ভোটার নম্বর দেওয়ার পর একটি প্রজেক্টরে ওই ভোটারের ছবি ভেসে উঠবে। সঙ্গে একটি কিউআর কোড প্রিন্ট হবে। কিউআর কোডটি নিয়ে ভোটার যাবেন ব্যালট ইউনিটে। সেখানে নির্দিষ্ট জায়গায় কিউআর কোডটি ধরলে ব্যালট অ্যাক্টিভেটেড হবে। তখন ভোটার পোলিং বুথে গিয়ে যন্ত্রে ভোট দেবেন। ভোট দেওয়ার পর তা আবার নিশ্চিত করতে হবে।
নির্বাচনে এই যন্ত্রের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধী। তাদের দাবি, এই যন্ত্রের মাধ্যমে কারচুপি ও ফল পাল্টানো সহজ। বেশ কয়েকটি রাজনৈতিক দল ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়েও ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে। অবশ্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইভিএমের পক্ষে।
ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের করা ১৮ সদস্যের একটি কারিগরি কমিটির পরামর্শে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি নতুন ইভিএমটি তৈরি করেছে। এর আগে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা ইভিএম ব্যবহার করা হয়েছিল। গত সেপ্টেম্বরে ইসি এসব পুরোনো ইভিএম ধ্বংস করার সিদ্ধান্ত নেয়।
২০১১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডে এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ৯টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হয়েছিল। এরপর ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের সব ওয়ার্ডে, নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একটি করে ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হয়েছিল।
এর মধ্যে নারায়ণগঞ্জে একটি ইভিএমে ৪৭টি ভোট নেওয়ার পর কন্ট্রোল ইউনিট অকার্যকর হয়ে যায়। নরসিংদী পৌর নির্বাচনে একটি ইভিএমের ফলাফল বের করা যায়নি। ২০১৩ সালে এলেঙ্গা পৌরসভা নির্বাচনে একটি ইভিএমে ৯০টি ভোট নেওয়ার পর কন্ট্রোল ইউনিট অকার্যকর হয়ে যায়। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে একটি ইউনিটের ডিসপ্লে সমস্যা দেখা দেয় এবং আরেকটি ইউনিটে ৩১০ ভোট নেওয়ার পর তা অকার্যকর হয়ে যায়। তাই ভোট গণনা করা যায়নি। আর সিলেটে একটি কন্ট্রোল ইউনিটে একটি ভোট কম দেখিয়েছিল।