রংপুরে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্র বাতিল করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এ-সংক্রান্ত একটি চিঠি রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হাতে পেয়েছেন।
কেন্দ্র বাতিলের খবরে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে গতকালই স্বাস্থ্য অধিদপ্তরে একটি ফ্যাক্স ও ই-মেইল বার্তা পাঠানো হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ সৈয়দ আবু তালেব প্রথম আলোকে বলেন, রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৪৩ বছর ধরে এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এখন এটি বিভাগীয় শহর। তাই ভর্তি পরীক্ষার কেন্দ্র বাতিল করা ঠিক হবে না। এ অঞ্চলের পরীক্ষার্থী ও অভিভাবকেরা ভোগান্তিতে পড়বেন।
গত বছর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুর মেডিকেল কলেজের তিনজন শিক্ষকের জড়িত থাকার অভিযোগ ওঠে। ওই কারণে এবার রংপুরের কেন্দ্র বাতিল করা হয়েছে বলে ধারণা করছেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা। অভিভাবক ও কলেজশিক্ষক রমজান আলী বলেন, এত বড় এলাকায় পরীক্ষা কেন্দ্র বাতিল করা মোটেই ঠিক হয়নি। অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করা হোক।
রংপুরসহ সারা দেশে ২৩টি কেন্দ্রেমেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতহয়ে আসছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক অনিমেষ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘তিন চিকিৎসকের বিরুদ্ধে গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও পরবর্তী সময়ে তা প্রমাণিত হয়নি। আমরা তাই রংপুরে কেন্দ্র পুনর্বহালের দাবি জানাচ্ছি। তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’