রংপুরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসানোর দাবি
রংপুরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসানোর দাবি

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চোরাগোপ্তা হামলায় নিহতের ঘটনায় জনমনে উদ্বেগ আছে। এমন পরিস্থিতিতে রংপুর নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের দাবি জানিয়েছেন সুধীজনেরা।
গতকাল শনিবার প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে অনেকেই ফোন করে এমন উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ও নগর হলো রংপুর। সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনো সিসিটিভির আওতায় আনা হয়নি। বিভিন্ন স্থানে এসব ক্যামেরা স্থাপন করা হলে নগরবাসীর মধ্যে অনেকটা স্বস্তি ফিরে আসবে বলে তাঁদের ধারণা।
সিসিটিভি স্থাপন প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হলে আমি কালকেই (আজ) যত ক্যামেরা ও মালামাল লাগে তা দিয়ে দেব। কেননা, এই কাজটি নিয়ন্ত্রণ করতে হবে পুলিশকেই।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দেরি না করে এই মুহূর্তে জেলা ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে উদ্যোগী হবে।’ সুধীজনদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে নগরের গুরুত্বপূর্ণ স্থান নগরের প্রবেশপথ, মেডিকেল মোড়, মডার্ন মোড়, মেডিকেল পূর্ব গেট সড়ক, কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়, জিলা স্কুল মোড়, ধাপ আর্মি চেকপোস্টসহ শহরের জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, পায়রা চত্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়, কারমাইকেল কলেজের প্রবেশমুখ লালবাগ মোড়, আদালত চত্বরসহ আরও কিছু স্থানে সিসিটিভি স্থাপন জরুরি হয়ে পড়েছে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবুল কাশেম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মানুষের নিরাপত্তা বিধানে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এসব ক্যামেরা স্থাপন সময়ের দাবি। তাই দেরি না করে পুলিশ প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানাই। এতে আমাদের সহযোগিতা লাগলে তা দেওয়া হবে।’
নাগরিক জীবনের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধী শনাক্তে সব ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনের প্রতি দাবি জানিয়েছেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল ফারুক বলেন, ‘সিসিটিভি স্থাপন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনায় বসেছি। খুব শিগগির উদ্যোগ নেওয়া হবে।’
জেলা প্রশাসক রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের পুরো ক্যাম্পাসসহ আরও কিছু সরকারি কার্যালয় সিসিটিভির আওতায় আনা হয়েছে। সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে।