সীমানা নির্ধারণের জটিলতায় তফসিল ঘোষণার তিন দিনের মাথায় রংপুরের চারটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। উপজেলাগুলো হলো সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা।
নির্বাচন কমিশন গত রোববার প্রথম ধাপে ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে বদরগঞ্জ ছাড়া রংপুরের বাকি সাতটি উপজেলার নাম ছিল। দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিলে ১১৭টি উপজেলার মধ্যে রয়েছে বদরগঞ্জ উপজেলা।
জানা গেছে, রংপুর পৌরসভা সিটি করপোরেশন হওয়ার পর আয়তন ৫২ থেকে বাড়িয়ে ২০৩ বর্গকিলোমিটার করা হয়। বর্ধিত অংশে সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সাতটি এবং গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার একটি করে ইউনিয়নের কিছু অংশ চলে আসে।
২০১২ সালের ২০ ডিসেম্বর সিটি করপোরেশনের নির্বাচন হয়। এর পরও এসব উপজেলার সীমানা নির্ধারণ করা হয়নি।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ জানান, সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার সীমানাসংক্রান্ত জটিলতার বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়। এরপর এই চারটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।