রংপুরের ডিসি ও এসপির কাছে স্মারকলিপি দিয়েছে উফেসাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে উপজেলার সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ (উফেসাপ)। স্মারকলিপিতে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।জেলা প্রশাসক বি এম এনামুল হক স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি নেন জেলা গোয়েন্দা কর্মকর্তা শরিফুল আলম। স্মারকলিপি দেওয়ার সময় উফেসাপের কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান ও মহাসচিব কৃষ্ণ কুমার চাকীসহ সংগঠনের রংপুর, বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা ও উপজেলা ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বদরগঞ্জ শহীদ মিনারে মেলা উন্নয়ন কমিটির ব্যানারে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের কয়েকজন নেতা স্থানীয় সাংবাদিকদের গাছে ঝুলিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে মারার হুমকি দেন। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি উপজেলার ২৬ জন সাংবাদিক বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।গত ২৫ ডিসেম্বর মেলা কমিটির কাছে চাঁদা দাবির অভিযোগে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেন ও ইনকিলাব-এর প্রতিনিধি হাফিজ বাদশাহ ওসমানীর বিরুদ্ধে মামলা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মেলার ইজারাদার হেনা মো. ফেরদৌস। অথচ ২৫ ডিসেম্বর ঢাকায় প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন। সম্মেলনের তিন দিন পর তিনি বদরগঞ্জে ফেরেন।