রংপুরে দুটি বাসের সংঘর্ষ, নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে ১৩ মাইল এলাকায় আজ বুধবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর লোকজনের ভিড়। ছবি: মঈনুল ইসলাম
রংপুরের তারাগঞ্জে ১৩ মাইল এলাকায় আজ বুধবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর লোকজনের ভিড়। ছবি: মঈনুল ইসলাম

রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল এলাকায় দুটি বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ৪৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন নীলফামারীর সৈয়দপুরের মোহাম্মদ আলী (৪৫), আবদুল মতিন (৩২), বাবু (২৬), দুর্ঘটনাকবলিত মিনিবাস চালকের সহকারী দিনাজপুরের ভূষিরবন্দর এলাকার চন্দন রায় (২৫), দুর্ঘটনাকবলিত সায়মুন পরিবহনের চালকের সহকারী রংপুরের গঙ্গাচড়া এলাকার আকুল আলী (২৬), নীলফামারীর কিশোরগঞ্জের লিটন মিয়া (২২), নীলফামারীর ডোমারের মিজানুর রহমান (৪০), লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার একাব্বর আলী (৬৩) ও রংপুরের তারাগঞ্জের মাদ্রাসা শিক্ষক জান্নাতী খাতুন (২৭)। লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সুপার আবদুর রাজ্জাক নিশ্চিত করেছেন।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত এক যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হচ্ছে। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত এক যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হচ্ছে। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তারাগঞ্জের ১৩ মাইল এলাকায় সৈয়দপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লা থেকে সৈয়দপুরগামী সায়মুন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নয়জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর সৈয়দপুর ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। দুমড়ে-মুচড়ে যাওয়ায় বাসগুলো কেটে কয়েকজনের লাশ বের করা হয়।

রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম মাহবুব-উল-করিম আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস উদ্ধার করা হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস উদ্ধার করা হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, আহতের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসক দল গঠন করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছেন।

জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, নিহত ব্যক্তিদের লাশ বাড়ি নিয়ে যেতে প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার ও তারাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার হাজারসহ নয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রত্যেককে দুই হাজার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজারসহ তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী বলেন, এ দুর্ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হাইওয়ে পুলিশের ডিআইজি রংপুর আসছেন। তিনি এলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।