রংপুরে একই পরিবারের তিনজন ‘ট্রি-ম্যান’ রোগে আক্রান্ত কি না, তা এখনো নিশ্চিত নন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। হাতে-পায়ে শিকড়ের মতো গজানো এই তিনজনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। গত বুধবার এই তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। সেগুলোর ফলাফল পাওয়ার পর রোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
বার্ন ইউনিটের একটি সূত্র বলেছে, খুলনার পাইকগাছার আবুল বাজনদার এবং এই তিনজনের উপসর্গ মোটামুটি একই ধরনের। তবে আবুলের মতো অন্য তিনজনের অবস্থা মারাত্মক নয়। পরীক্ষার ফল পাওয়ার পর একটি বোর্ড গঠন করা হবে। এরপর আগামী রোববার বা সোমবার এই তিনজন সম্পর্কে ঠিক তথ্য জানা যাবে।
এদিকে অস্ত্রোপচারের পর আবুল বাজনদারের ডান হাতের অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।