রংপুরের দুঃখ মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ওই পথগুলো দিয়েই মাদক ঢুকছে রংপুর শহরে। তরুণদের ডোবাচ্ছে নেশায়। আর অভিভাবকদের ডোবাচ্ছে দুর্ভাবনা ও হতাশায়

গত রোববার সকাল থেকে রংপুর শহরে ঘুরছি। ইচ্ছা, শহরটা দেখা। এখানকার মানুষ কেমন আছে জানা। দেখি, সুন্দর রাস্তা। শান্ত মানুষ। কথা বলতে গেলে একগাল হেসে কথা বলে। আলাপ হয় গণগ্রন্থাগারে পড়তে আসা পাঠকের সঙ্গে। রাস্তায় কথা হয় রাজনৈতিক নেতাদের সঙ্গে। কিন্তু কেউ কোনো সমস্যার কথা বলেন না। অবাক লাগে! ভাবি, এ তো দেখি সেই সুখী মানুষের গল্পের মতো। সুখীদের রাজ্যে এসে পড়লাম!

ভাবতে ভাবতেই এক চালকলে গল্প জমে ওঠে রতন (৩০) নামের এক অটো ব্যবসায়ীর সঙ্গে। তিনিই ফিসফিস করে বলেন, ‘আরে আপা, শহর তো নেশাখোরে ভইরা গেল।’ নড়েচড়ে বসি। রতন বলেন, ‘যান না হারাগাছের দিকে। ওই খান দিয়া সুমানে ঢুকতেছে শহরে। কী যে অবস্থা...শুধু হারাগাছ কেন, মিঠাপুকুরের শূকরেরহাট, এই শহরের শেষ মাথায় জমচরায় যান। দিনের বেলায় দেখবেন দল বাইন্ধা মাদক লাইতাছে।’ এতক্ষণে এই আপাতত সুখী মানুষগুলোর দুঃখের একটা জায়গার খোঁজ আমি পেতে যাচ্ছি মনে হলো।

বেরিয়ে আসি চালকল থেকে। খোঁজ নিতে থাকি তিন এলাকা সম্পর্কে। দুপুরের মধ্যে নিশ্চিত হই, রতনের কথাই ঠিক। ওই তিন জায়গা মাদকের আখড়া হিসেবে পরিচিত। ওই পথগুলো দিয়েই মাদক ঢুকছে রংপুর শহরে। তরুণদের ডোবাচ্ছে নেশায়। আর অভিভাবকদের ডোবাচ্ছে দুর্ভাবনা ও হতাশায়। দুপুরের পর রওনা দিই হারাগাছে। একটি অটোরিকশা নিয়ে পড়ন্ত বিকেলে যখন গিয়ে ঢুকি হারাগাছ পৌরসভায়, নাকে তামাকের কটু গন্ধ এসে ধাক্কা দেয়। ভাবি, মাদক ব্যবসা জমজমাট বলে বাতাসে ভাসবে গন্ধ! অটোচালককে জিজ্ঞেস করি। তিনি বলেন, এই গন্ধ আসলে হারাগাছের তামাক কারখানাগুলোর। হারাগাছে বিড়ি তৈরি ও তামাক প্রক্রিয়াজাত করার বেশ কিছু কারখানা আছে। আলাপ জমে উঠতে থাকে অটোচালকের সঙ্গে। বলেন, ‘চলেন হারাগাছ ব্রিজে নিয়া যাই। ওই খান দিয়াই মাদক ঢুকে।’ মরা তিস্তার ওপর হারাগাছ সেতু। অটোচালক জানান, এই সেতুর ওপারে আছে মিলনবাজার। সেখানেই মাদকের আসল লেনদেনটা হয়।

সেতুর ওপর এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন তরুণ নারী-পুরুষ। কেউ বসে আড্ডা দিচ্ছেন। কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক যুবক এগিয়ে আসেন। নাম সাঈদ (২২)। হারাগাছের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বললেন, এই এলাকা দিয়েই মাদক ঢোকে। লালমনিরহাট থেকে ঢোকে গাঁজা আর ফেনসিডিল। আর এখন ইয়াবা আসে। তবে লালমনিরহাট থেকে নয়, এটা রংপুর থেকে হারাগাছের দিকে আসে। জানতে চাই, রংপুর থেকে এদিকে কেন? সাঈদ বলেন, আসলে এখন ইয়াবার চাহিদা বেশি। আর এই এলাকার ব্যবসায়ীরাই এই ইয়াবা আনছেন। যাঁরা আসক্ত, তাঁরা তো এই এলাকাটা চেনেন মাদকের আখড়া হিসেবে। তো তাঁরা এখানেই আসেন নেশার জিনিস কিনতে। তাই এখানেই ইয়াবার আখড়াটাও জমে উঠেছে। তিনিও বললেন, মিলনবাজারেই মূল ব্যবসাটা হয়। এর মধ্যে বিকেলের হাওয়া খেতে সেতু এলাকায় আসেন জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এখানে তো মাদক আছেই। এখানকার পোলাপাইনরাই এই ব্যবসা করে। আর পুলিশের কথা কী বলব!’

সেতুতে দাঁড়িয়েই ফোন দিই হারাগাছের পৌর মেয়র হাকিবুর রহমানকে। তিনিও স্বীকার করেন, হারাগাছ মাদকপ্রবণ এলাকা। তিনি বলেন, হারাগাছ সেতু হয়ে হারাগাছ কলেজ সড়ক দিয়ে শহরের সাহেবগঞ্জে ঢোকে এই মাদক। তিনিও বলেন, এই মাদক ব্যবসার সঙ্গে এখানকার কমবেশি প্রায় সবাই জড়িত। এটা রুখতে সামাজিক সচেতনতা দরকার বলে তিনি মত দেন। তিনি বলেন, পুলিশ আছে। নাগরিক কমিটি করা হয়েছে। সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম—এ রকম লোকজন নিয়ে বৈঠক করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে এলাকাবাসীর যে অভিযোগ, তা অনেকটাই সত্য বলে জানালেন মেয়র। তাঁর মতে, এখানে কোনো পুলিশ সদস্যকে বেশি দিন রাখা ঠিক নয়। বদলির মধ্যে থাকলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সদস্যদের আর সখ্য গড়ে ওঠার সুযোগ থাকবে না।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সন্ধ্যায় ফোন দিই হারাগাছ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহাদাতকে। তিনি বলেন, ‘যে আপনাকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, সে-ও দেখেন ওখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আর আমি এসেছি এখানে এক মাস। আমরা যাদের ধরি, অনেক সময় দেখা যায়, রাজনৈতিক নেতাদের চাপে তাদের ছেড়ে দিতে হয়।’