রংপুরের নারী ফুটবলারদের পাশে দাঁড়াবে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের নয়াপুকুরের ফুটবল একাডেমির শিক্ষার্থীরা l ফাইল ছবি
রংপুরের নয়াপুকুরের ফুটবল একাডেমির শিক্ষার্থীরা l ফাইল ছবি

রংপুরের নয়াপুকুরের নারী ফুটবলারদের পাশে দাঁড়াবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এমন আশ্বাস দিয়েছে।
গতকাল রোববার প্রথম আলোতে ‘রংপুরে নারী ফুটবলারদের গ্রাম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়াপুকুরের নারী ফুটবলারদের বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এ বৈঠক সূত্র জানায়, বৈঠকে নারী ফুটবলারদের বিষয়টি উত্থাপন করেন কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বৈঠক শেষে তিনি প্রথম আলোকে বলেন, কমিটির পক্ষ থেকে রংপুরের নারী ফুটবলারদের আর্থিক ও অন্যান্য বিষয়ে পৃষ্ঠপোষকতা করার সুপারিশ করা হয়। কমিটি এসব ফুটবলারের জন্য সরকারিভাবে প্রশিক্ষণ ও ড্রেসিংরুমের ব্যবস্থা করার সুপারিশ করে। কমিটি মনে করে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব মেয়ে ফুটবলার জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। কমিটির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
রংপুর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদ্যপুষ্করণী ইউনিয়নের নয়াপুকুর গ্রামে গড়ে উঠেছে ‘নয়াপুকুর সাজানো বাগান ফুটবল একাডেমি’। গ্রামের খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠী মেয়েদের ফুটবল শেখার জন্য নিজেদের টাকায় এ একাডেমি গড়ে তুলেছে।
সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ওদের ওখানে যে অবকাঠামো আছে, তা আরও উন্নত করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। তবে তাদের জন্য জরুরি ভিত্তিতে ড্রেসিংরুম বানিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সরকারিভাবে যোগ্যতাসম্পন্ন কোচকে সেখানে পাঠাতে বলা হয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বিকেএসপির ইনডোর হ্যাঙ্গার সিস্টেম নষ্ট হওয়া, ভালো খেলোয়াড় কম বের হওয়ার কারণ এবং বিকেএসপির খাবারের মান নিয়ে আলোচনা হয়। কমিটি বিকেএসপির ছাত্রাবাসের প্রয়োজনীয় সংস্কার, জনপ্রিয় খেলাগুলোর আসনসংখ্যা বাড়ানো এবং শিক্ষার্থীদের খাবারের মান উন্নত করার সুপারিশ করে।
কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মাহবুব আলী, নুরুল ইসলাম তালুকদার ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।