রংপুরের নেতা-কর্মীরা হতাশ, মনঃক্ষুণ্ন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল সোমবার লালমনিরহাট যাচ্ছেন। তাঁকে স্বাগত জানাতে রংপুর শহর ও পীরগঞ্জ উপজেলা থেকে লালমনিরহাটের সীমানা পর্যন্ত ৯০ কিলোমিটার সড়কে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। লালমনিরহাটেই তৈরি করা হয়েছে শতাধিক তোরণ।বিভাগীয় শহর রংপুরের ওপর দিয়ে খালেদা জিয়া লালমনিরহাটের সমাবেশে গেলেও রংপুরে তাঁর কোনো সভা বা কর্মসূচি না থাকায় বিএনপির এখানকার নেতা-কর্মীরা হতাশ ও মনঃক্ষুণ্ন। তবে তোরণ বানিয়ে নেত্রীকে স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তাঁরা। দলীয় সূত্র জানায়, গত এক যুগেরও বেশি সময়ে খালেদা জিয়া রংপুরে রাজনৈতিক সফরে আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নেত্রী দীর্ঘদিন থেকে রংপুরে আসেন না। আর পাশের জেলায় এলেও রংপুরের ওপর দিয়ে যেতে হচ্ছে। রংপুরে কোনো কর্মসূচি না থাকায় আমরা হতাশ ও অখুশি।’ রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন বলেন, ‘রংপুরে সমাবেশ না হলেও নেত্রীকে রংপুরের বিভিন্ন স্থানে সংবর্ধনা জানানো হবে। জেলায় একাধিক পথসভা হবে। তবে রংপুরে বিভাগীয় সমাবেশ করা হলে এ অঞ্চলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফিরে আসত। নেত্রীর আগমন উপলক্ষে জেলায় প্রায় ২০০ তোরণ নির্মাণ করা হয়েছে।’ খালেদা জিয়া আগামীকাল লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।গতকাল শনিবার দুপুরে কালেক্টরেট মাঠে মঞ্চ নির্মাণসহ অন্যান্য কাজ তদারকির জন্য বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ লালমনিরহাটে আসেন। মিজানুর রহমান বলেন, ‘আগামী ১২ মার্চের “ঢাকা চলো” কর্মসূচির আগে লালমনিরহাটের জনসভায় দলীয় চেয়ারপারসন দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন বলে আমরা আশা করছি।’ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আসাদুল হাবিব বলেন, খালেদা জিয়ার লালমনিরহাটে আগমন উপলক্ষে ইতিমধ্যে জেলা বিএনপি পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভাসহ গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও গ্রামগুলোতে প্রস্তুতিমূলক সভা, মিছিল ও সাইকেল শোভাযাত্রা বের করেছে। লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, খালেদা জিয়ার আগমন উপলক্ষে শহরের মিশন মোড়, লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শতাধিক তোরণ নির্মাণ ও আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।