রংপুরের পাঁচ কলেজে জিপিএ-৫ এবার দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে গত বছরের চেয়ে এবার দ্বিগুণ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৮৯ জন। এবার তা বেড়ে হয়েছে এক হাজার ২১৪ জন।দিনাজপুর বোর্ডে রংপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বিজয়ের সাফল্য ধরে রেখেছে। ৪৬ জন জিপিএ-৫ পেয়ে রংপুর ক্যাডেট কলেজ বোর্ড সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। ৩৭৭ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয়-সেরা হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ২৩৯ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। ৪৭৬ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম হয়েছে রংপুর সরকারি কলেজ। এ ছাড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৬ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে ১৬তম স্থান অধিকার করেছে। দিনাজপুর বোর্ডে এবারও দ্বিতীয় স্থান অর্জন করায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা কলেজ চত্বরে উল্লাস করেন।প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী লাইনুন্নাহার জানান, এত ভালো ফলাফল করেও উচ্চশিক্ষা নিতে আবারও নতুন করে প্রতিযোগিতায় নামতে হবে। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্ত জ্ঞানচর্চা করা খুবই জরুরি। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. রশিদুল ইসলাম খান জানান, কলেজের নিয়মশৃঙ্খলা একটি বড় ব্যাপার। এ ছাড়া নিয়মিত মডেল টেস্ট নিয়ে মেধা বিকাশের মূল্যায়নও করা হয়েছে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর গত বছরের চেয়ে চারগুণের বেশি জিপিএ-৫ পেয়েছে। কলেজের অধ্যক্ষ জালাল আকবর জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। রংপুর সরকারি কলেজে এবার জিপিএ-৫ গত বছরের চেয়ে প্রায় তিনগুণ বেশি। এ কলেজের কৃতী শিক্ষার্থী রোকসানা পারভীন বলেন, ‘অসুস্থ ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সবচেয়ে বেশি ক্ষতি করছে। এর পরও সততার সঙ্গে কাজ করলে এই দেশ সত্যিই একদিন আলোকিত দেশ হয়ে গড়ে উঠবে।’