রংপুরের বিপজ্জনক মেডিকেল মোড়
রংপুর নগরের গুরুত্বপূর্ণ এলাকা মেডিকেল মোড়ে মহাসড়কের মধ্যে এলোপাতাড়ি বাস দাঁড়িয়ে থাকে। এতে পথচারীরা দুর্ভোগে পড়ে। পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। এতে বিপজ্জনক হয়ে উঠেছে মোড়টি।
ওই মোড়ের পাশে মেডিকেল কলেজ হাসপাতাল এবং অনেক বেসরকারি ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাব রয়েছে। রোগী ও স্বজনদের প্রতিনিয়ত ছুটতে হয় এই মোড় দিয়ে। ঢাকা-দিনাজপুর মহাসড়ক এটি। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং দি মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ, কেন্দ্রীয় কারাগার, ব্যাংক, মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতকারীদেরও ওই মোড় দিয়ে চলাচল করতে হয়।
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, ডোমার, ডিমলা ও জলঢাকা পথের বাসগুলো মেডিকেল মোড়ে এসে দাঁড়িয়ে থাকে। পাল্লা দিয়ে চলা, সড়কের মধ্যে এলোপাতাড়ি দাঁড়িয়ে থাকাসহ উচ্চ স্বরে হর্ন বাজাতে থাকে।
চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান বলেন, সামান্য দূরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থাকার পরেও এই মেডিকেল মোড়ে এসে বাসগুলো রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। রিকশাসহ অন্যান্য যানবাহনে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। এই মোড়েই সম্প্রতি মেডিকেল কলেজের একজন শিক্ষক দুর্ঘটনায় মারা যান।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক সুনীল রায় বলেন, বাসস্ট্যান্ড থেকে ছেড়ে এসে এই মোড়ের যাত্রীদের পেতে বাসগুলোর প্রতিযোগিতা করতে গিয়ে একজন শিক্ষার্থী মারাও গেছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, মোটর মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে একটি পন্থা খুঁজে বের করতে হবে।