
রংপুরে ইফতারে মেহমানদারিতে এখানকার ঐতিহ্যবাহী জিলাপি থাকতেই হবে। সেই সঙ্গে বুন্দিয়া আর দেশি মুড়ি। এ ছাড়া মেডিকেল মোড়ের বৈশাখীর দইবড়া। এসবের সঙ্গে আরও থাকছে ফালুদা, বুট বিরিয়ানি, হালিম, পাতাবড়া, পাটিসাপটা পিঠা, খাসির কাবাব, পেঁয়াজু আর বেগুনি।রংপুরের নবাবগঞ্জ বাজারের মুসলিম মিষ্টান্ন ভান্ডারের জিলাপির আলাদা নাম রয়েছে। এখানকার জিলাপি একসময় বাঁশের খাঁচায় বিক্রি হতো। কি শহর, কি গ্রাম—সব মানুষের খুব প্রিয় এই জিলাপি। দেশ স্বাধীনের আগে এই জিলাপি বিক্রি হতো দুই আনা পোয়া হিসেবে। এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী ছিলেন আবুল কাশেম। তাঁর মৃত্যুর পর চার ছেলে এই ব্যবসা দেখাশোনা করছেন। এক ছেলে জাহাঙ্গীর কবির বলেন, ‘১৯৬০ সালে তাঁর বাবা এই মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠা করেন। তখন থেকে এখানে গুড়ের ও চিনির জিলাপি বিক্রি শুরু হয়।’এই জিলাপির রং হলুদ-খয়েরি। আকারে চিকন ও মাঝারি। সারা বছর এই জিলাপি মিললেও রমজানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। তবে এ বছর গুড়ের দাম বেশি ও সরবরাহ কম হওয়ায় গুড়ের জিলাপি তৈরি হয়েছে তুলনামূলক কম। নগরের দূর-দূরান্ত থেকে এসে এই জিলাপি কিনে নিয়ে যায় লোকজন। ধাপ ভগিবালাপাড়া এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী শমসের মিয়া বলেন, স্বাদ মুখে লেগে থাকে বলে রমজানে প্রতিদিন ছুটে যাই জিলাপি কিনতে। জিলাপির পাশাপাশি ইফতারে মেডিকেল মোড়ের বৈশাখী হোটেল ও রেস্তোরাঁর দইবড়ার কদর রয়েছে। টক দইয়ের মধ্যে মাসকলাইয়ের ডালের বড়া দেওয়া হয়। এভাবে তৈরি হয় দইবড়া। আগে মাটির বাসনে এটি বিক্রি হতো। এখন ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে দইবড়া বিক্রি হচ্ছে ২৫ টাকায়।