রংপুরের মানাস নদজুড়ে চলছে চাষাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলি পড়ে ভরাট হয়ে যাওয়া রংপুরের মানাস নদজুড়ে এখন চাষাবাদ চলছে। রংপুর, গঙ্গাচড়া ও কাউনিয়ার ওপর দিয়ে প্রবাহিত এ নদটি ভরাট হয়ে যাওয়ায় এলাকাবাসীর পানির উৎস যেমন কমে গেছে, তেমনি সৃষ্টি হয়েছে বন্যা, জলাবদ্ধতার মতো সমস্যা। প্রতিবছর পলি পড়লেও নিয়মিত খননের উদ্যোগ না নেওয়ায় ভরাট হয়ে নদটি তার আসল রূপই হারিয়ে ফেলেছে।গঙ্গাচড়া উপজেলার চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, গঙ্গাচড়ার মধ্য দিয়ে ঢুকে এ নদ রংপুর সিটি করপোরেশন পার হয়ে কাউনিয়া উপজেলার কাছে তিস্তা নদীতে মিশেছে। গঙ্গাচড়ায় গজঘন্টা, বড়রূপাই, কাগজিপাড়া, মৌভাষা এলাকা, তারপর সিটি করপোরেশনের গুলালবুদাই, বকশা, জমচওড়া, কইপাড়া, হইরমমল, ময়নাকুঠি এলাকার মধ্য দিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিস্তায় মিশেছে মানাস। তিনি জানান, নদীজুড়ে প্রতিবছরই পলি পড়ে। পলি পড়তে পড়তে নদটা এখন শুষ্ক মৌসুমে প্রায় ভরাট হয়ে যায়। আর বর্ষায় পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত করে। ওই সময় নদজুড়ে বাঁশের চাটাই দিয়ে বাঁধ দিয়ে মাছ ধরা হয়। তারপর যখন পানি নেমে যাওয়ার সময় হয়, তখন আর নামার পথ না পেয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রংপুর নগরের গুলালবু্দাই এলাকার নূরুল ইসলাম বলেন, ‘হামাদের এই নদীত শুকনার সুময় পানি থাকে না। তখন দুই পাড়ের মানুষ হামরা জমি ভাগাভাগি করি নিয়ে প্রতিবছরই ধান আবাদ করি। হামি হামার বাড়ির পাশে নদীর ২৫ শতাংশের মতো জমি চাষ করতুছি।’ এদিকে সিটি কপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ জানান, সবেমাত্র সিটি করপোরেশনের যাত্রা শুরু হলো। সব সমস্যাই ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে। মানাস নদে পানিপ্রবাহ ঠিক রাখতে হলে এটি খনন করা জরুরি, তবে এ জন্য কিছু সময় দরকার বলে তিনি মন্তব্য করেন।