রংপুরের সঙ্গে তিনটি পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় পিকআপ ভ্যান মালিক সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে তিনটি পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ফলে রংপুরের সঙ্গে লালমনিরহাটের পাটগ্রাম, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও রংপুরের পীরগাছা উপজেলা এই তিনটি পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একদল দুর্বৃত্ত গত রোববার রাত ১২টার দিকে শহরের মাহিগঞ্জ সাতমাথা পাটগ্রাম বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত পিকআপ ভ্যান মালিক সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে থাকা তিনটি বাস ভাঙচুর করে।
পিকআপ ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, এর আগেও এই কার্যালয় আরেকবার ভাঙচুর করা হয়। রোববার কার্যালয় ঠিকঠাক করার পর রাতেই দুর্বৃত্তরা হামলা চালিয়ে আবার কার্যালয়টি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে পাটগ্রাম বাসস্ট্যান্ড থেকে তিনটি পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে।