রংপুরের সেই বাড়িটি জামায়াত নেতার পুলিশ তাঁকে খুঁজছে
রংপুর নগরের সিও বাজার এলাকায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের সেই বাড়িটি ছিল মহানগর জামায়াতে ইসলামীর আমির ওসমান গণির। পুলিশ তাঁকে খুঁজছে।
গত বুধবার দুপুরে সিও বাজার বিসিক শিল্পনগরী রোডে একটি পরিত্যক্ত বাড়িতে নির্মাণকাজের সময় বোমা বিস্ফোরণে আমিনুল ইসলাম (৩৫) নামের একজন শ্রমিক আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামান্য ইটের দেয়াল তুলে টিনের ঘেরা বাড়িটি ছিল মহানগর জামায়াতের আমির ওসমান গণির। তিনি ১৮ বছর আগে এই জমি কিনে একটি অসমাপ্ত বাড়ি নির্মাণ করে ফেলে রাখেন, যা এক বছর আগে ব্যবসায়ী সেকেন্দার আলীর কাছে বিক্রি করেন। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত পড়ে ছিল।
পুলিশের ধারণা, এই বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করতে পারে জামায়াত। বাড়ি বিক্রির পর থেকে জামায়াত নেতাকে এলাকায় আর দেখা যায়নি।
বাড়িটির বর্তমান মালিক সেকেন্দার আলী বলেন, বাড়িটি কেনার সময় যেমন ছিল, কাজ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত তেমনই আছে। বাড়ির কাজ করতে গিয়ে মাটি খননের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। এ ছাড়া তিনি তেমন কিছুই বলতে পারছেন না।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাড়িটির আগের মালিক ওসমান গণিকে। পুলিশ গত বুধবার রাতে তাঁর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাড়িতেও হানা দিয়েছে। কিন্তু সেখানেও তাঁকে পাওয়া যায়নি।