রংপুরের হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে পরিবারের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক শিশু মারা গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় মেয়েশিশুটির বাবা মামলা করলে ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করে। হাসপাতালের দুই চিকিৎসক, দুই ব্যবস্থাপকসহ চারজন ‘পলাতক’ রয়েছেন।

মৃত শিশু মিত্তার জাহান (২) রংপুরের মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসানের মেয়ে। গত মঙ্গলবার রাতে শিশু মৃত্যুর ঘটনার পর থেকে রংপুর শহরের আর কে রোডের ইসলামবাগ এলাকায় বেসরকারি ‘ভিআইপি জেনারেল হাসপাতাল’ বন্ধ ছিল।

পুলিশ সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত সোমবার ‘আপার অ্যাবডোমিনাল হার্নিয়া’ অস্ত্রোপচারের জন্য শিশু মিত্তারকে ভিআইপি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর চিকিৎসকেরা রোগীর স্বজনদের জানান, এখানে অসুবিধা হচ্ছে, রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। শিশুটিকে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে জানানো হয় তার মৃত্যু হয়েছে। এরপর শিশুটিকে আবার ভিআইপি হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তখন থেকে অস্ত্রোপচারকারী দুই চিকিৎসক ও হাসপাতালের ব্যবস্থাপকদের আর পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাসপাতালের মালিক তুষারসহ ছয়জনকে আটক করে। পরে শিশুর বাবা মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিরণ্ময় কুমার শিশুটির অস্ত্রোপচার করেছিলেন ও তাঁর সঙ্গে বিপ্লব নামের আরেকজন চিকিৎসক ছিলেন। গতকাল বুধবার গিয়ে ভিআইপি হাসপাতাল বন্ধ পাওয়া যায়। সেখানে চিকিৎসাধীন অন্য রোগীরা অন্যত্র চলে গেছেন। হাসপাতালটি বন্ধ ও দুই ব্যবস্থাপকসহ দায়িত্বশীল ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য জানা যায়নি।

জেলা সিভিল সার্জন জাকিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাঁর (চিকিৎসক হিরণ্ময়) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, “শিশুটি অ্যাবডোমিনাল হার্নিয়া অপারেশনের আগে জেনারেল অ্যানেসথেসিয়া করা হয়। পরে তার আর জ্ঞান ফেরেনি।”’

শিশুর লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক দলের তিনজনের মধ্যে একজন মোস্তফা জামান চৌধুরী এ নিয়ে কিছু বলেননি। তিনি শুধু বলেন, মামলার তদন্ত কর্মকর্তাকে পরে প্রতিবেদন দেওয়া হবে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগ ওঠার পরপরই হাসপাতালে গিয়ে চিকিৎসক ও ম্যানেজারদের পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মৃত শিশুর বাবা মাহমুদুল হাসান বাদী হয়ে ২ চিকিৎসক, ২ ম্যানেজারসহ ১০ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসপাতালের মালিক তুষার (২৫), নৈশপ্রহরী আতিকুল (৪০), কর্মচারী আশুতোষ (৩০), নার্স ববিতা রানী (২৫), জ্যোৎস্না বেগম (২৪) ও কবিতা বেগম (৩০)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।