রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
হাজারীবাগের পিলখানা ১ নম্বর ফটকের সামনে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা জমির আলী নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।
সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পিলখানা ১ নম্বর ফটকের সামনে দুর্বৃত্তরা জমিরকে কুপিয়ে পালিয়ে যায়। স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাঁকে গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। জমির হাজারীবাগের গণকটুলীর সিটি কলোনিতে থাকতেন। তার পাঁচ বছরের একটি মেয়ে আছে।
জমিরের ভাগনে ইব্রাহিম আলী জানান, গত শুক্রবার হাজারীবাগের খলিল সরদার কমিউনিটি সেন্টারের সামনে গণকটুলীর যুবকদের সঙ্গে বাড্ডার যুবকদের সংঘর্ষ হয়। ওই সময় জমির সেখানে উপস্থিত ছিলেন সন্দেহে বাড্ডার যুবকেরা তাঁকে কুপিয়ে মেরেছেন।
হাজারীবাগ থানার ওসি মোহাম্মদ আলী জানান, জমিরকে হত্যার ঘটনায় এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক সেবনের অভিযোগে জমির কয়েক দিন আগে গ্রেপ্তার হয়েছিলেন।