রংমিিস্ত্র মঈনের হারিয়ে যাওয়া নয়টি মাস কে ফিরিয়ে দেবে?
পুলিশের ভুলে নয় মাস কারাভোগ করেছেন মঈন উদ্দিন (৩০) নামের এক রংমিস্ত্রি। তাঁর হেফাজতে থাকা ৫০০ টাকা মূল্যের ছয়টি জাল নোট সন্দেহে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা না করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
তদন্ত শেষে নোটগুলো জাল নয় বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবেদন পাওয়ায় পর ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আর আদালত ওই প্রতিবেদনটি গ্রহণ করে মামলার বাদীকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দিতে বলেছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান গতকাল বুধবার নগরের পাহাড়তলী থানার উপপরিদর্শক মামলার বাদী মঞ্জুর হোসেন মজুমদারকে এ আদেশ দেন৷ একই সঙ্গে নয় মাস কারাভোগকারী মঈন উদ্দিনকে মুক্তির আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ নিশ্চিত ছিল না নোটগুলো জাল। আর বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করতে পারে না৷ এ ক্ষেত্রে ৫৪ ধারায় মামলা করে প্রতিবেদন পাওয়ার পর নিয়মিত মামলা করতে পারত। পরে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে, উদ্ধার হওয়া নোটগুলো জাল নয়। এগুলো আসল নোট। পুলিশের ভুলের কারণে গরিব মানুষটি নয় মাস জেল খেটেছে। আর্থিক সামর্থ্য না থাকায় গত নয় মাসে একবারও জামিনের আবেদন করতে পারেননি রংমিস্ত্রি মঈন উদ্দিন।
মামলাটির বাদী নগরের পাহাড়তলী থানার এসআই মঞ্জুর হোসেন মজুমদারের কাছে জানতে চাইলে নিজের ভুল স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি খেয়াল করিনি। ওসি সাহেব বলেছেন তাই ৫৪ ধারায় মামলা না করে বিশেষ ক্ষমতা আইনে করেছি।’
এ প্রসঙ্গে পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার ফজলুল হক। তিনি বলেন, ‘৫৪ ধারায় মামলা দায়ের করা হলে ভালো হতো।’
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর নগরের অলঙ্কার মোড় এলাকায় মঈন উদ্দিনের কাছ থেকে ছয়টি ৫০০ টাকার জাল নোট সন্দেহে গ্রেপ্তার করে পাহাড়তলী থানার পুলিশ।
গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রী, ছেলেমেয়ে থাকে লক্ষ্মীপুরে৷ আমি চট্টগ্রাম শহরে রংমিস্ত্রির কাজ করতাম। পুলিশ আমাকে ধরে কারাগারে পাঠায়। পরিবারের কেউ না জানায় আমার জামিনের আবেদনও করতে পারেনি৷ আমার হারিয়ে যাওয়া নয়টি মাস কে ফিরিয়ে দেবে?’