রইল বাকি এক
ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগরে গত সোমবার ভোরে দুর্বৃত্তরা একটি মূল্যবান কড়ই গাছ নিধন করেছে। রাতেই মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা গাছের মূল্যবান অংশ নিয়ে পালিয়ে যায়। পুলিশ গাছের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৯৮৬ সালে ওই সড়কের জগদীশপুর থেকে নয়াহাটি পর্যন্ত দুই পাশে প্রায় ৫০০ গাছের চারা লাগানো হয়। গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় চুরি। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের জমশেদ (৫৫) বলেন, ‘কিছু দিন আগেও দেখেছি, ওই স্থানে বড় চারটি কড়ই গাছ ছিল। দুর্বৃত্তরা গত কয়েক দিনের মধ্যে দুটি ও আজ (সোমবার) ভোরে আরেকটি গাছ কেটে নিয়ে গেছে। এখন শুধু একটি কড়ই গাছ রয়েছে।’তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বলেন, গাছের ডালপালা পার্শ্ববর্তী নাছিরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনার সঙ্গে জড়িত। সড়ক ও জনপদ বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাঁরা এলেই মামলা নেওয়া হবে।