রওজা শরিফ স্থানান্তর প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী (সা.)-এর পবিত্র রওজা শরিফ স্থানান্তর করার প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। গতকাল বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মহানবীর রওজা শরিফ নিয়ে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করতে বিশ্ব মুসলমানরা প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে সৌদি দূতাবাসকে বাংলাদেশের জনগণের আন্দোলন সম্পর্কে অবহিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মদিনায় রওজা শরিফ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে বিশ্বব্যাপী আগুন জ্বলে উঠবে।
বক্তারা আরও বলেন, যুগে যুগে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদি মার্কিনিরা ষড়যন্ত্র করেছে। এর ধারাবাহিকতায় আজ একে একে সুন্নি আলেম-ওলামাদের হত্যার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা দেশের শীর্ষস্থানীয় সুন্নি আলেম নুরুল ইসলাম ফারুকীকে হত্যার মাধ্যমে ইসলামি আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। ফারুকীর রক্তে দেশের সবুজ ময়দান রঞ্জিত হতে না হতেই মুসলমানদের শ্রেষ্ঠ নিদর্শন বিশ্বমানবতার অগ্রদূত নবী করিম (সা.)-এর রওজা শরিফ সরানোর সৌদি সিদ্ধান্ত বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলেছে।
ইসলামী ফ্রন্টের নগর কমিটির সভাপতি এম এন ইসলাম জিহাদীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আহলে সুন্নাত সমন্বয় কমিটির সদস্য মাওলানা কাজী মঈন উদ্দিন আশরাফী, মাওলানা আবুল কাশেম নূরী, অধ্যক্ষ হারুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার প্রমুখ।