রওশন-আনিসুল-বাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করেননি
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ শুক্রবার। তাঁরা তিনজন কেউ তা প্রত্যাহারের জন্য আবেদন করেননি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। তাঁকে ওই আসন ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান তা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে জাপা প্রার্থী হিসেবে আছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাঁকে ওই আসন ছেড়ে দিতে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সাংসদ নুরুল ইসলাম বিএসসি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দলীয় প্রধানের সিদ্ধান্তে তিনি তা করেছেন।