রওশন সংসদের বিরোধীদলীয় নেতা
দশম সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আজ শনিবার এই গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীমচরণ রায়।
এর আগে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ। শপথ গ্রহণের পর জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
নির্বাচনে যাওয়া-না যাওয়া নিয়ে প্রায় এক মাস ধরে জাতীয় পার্টি নেতারা গণমাধ্যমের সঙ্গে লুকোচুরি করেন। অবশেষে গত বুধবার জাতীয় সংসদের মিডিয়া লাউঞ্জে রওশন এরশাদ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অনুরোধে তিনি বিরোধীদলীয় নেতা হচ্ছেন। এরশাদ সাবেক রাষ্ট্রপতি, সে কারণে তিনি বিরোধীদলীয় নেতা হতে চাননি।
এ দিকে ‘নির্বাচনের সঙ্গে নেই’ এমন ঘোষণার পর আজ দুপুর ১২টার দিকে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নিয়েছেন এইচ এম এরশাদ।