এরশাদকে বাদ দিয়ে নতুন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদকে নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় দূর হয়নি। তাঁর দাবি, তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এরশাদ অবসরে যাবেন বা চিকিৎসা নিতে যাবেন।
গতকাল শনিবার কাজী জাফর তাঁর গুলশানের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
কাজী জাফর বলেন, এরশাদ যদি তিনি শেষ পর্যন্ত দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার ও তাঁর মন্ত্রী-উপদেষ্টাদের সরকার থেকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে তিনি গোটা জাতির অভিনন্দন পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত এরশাদকে নিয়ে জনমনে এখনো সন্দেহ ও সংশয় দূর হয়নি। তাঁর দাবি, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু নির্বাচনকালীন সরকার থেকে বের হয়ে আসতে চান না।
কাজী জাফর প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় সরকার গঠনে জাতীয় সংলাপ শুরু করতে রাষ্ট্রপতিকে উদ্যোগ গ্রহণ, সংলাপের পরিবেশ সৃষ্টি করতে কারাবন্দী বিএনপির নেতাদের মুক্তিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।
‘একতরফা’ নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দেওয়ার পর এরশাদকে বেইমান আখ্যায়িত করে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করেন কাজী জাফর। তিনি দাবি করেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর ৪৩ জন সদস্যের ২০ থেকে ২৫ জন তাঁর সঙ্গে আছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, গোলাম মসীহ্, মোস্তফা জামাল হায়দার, কাজী মাহমুদ হাসান, এস এম এম আলম, সাংসদ এইচ এম গোলাম রেজা, সাংসদ নবাব আলী আব্বাস খানসহ ২৬ জন নেতা উপস্থিত ছিলেন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।