রওশনকে দায়িত্ব দিয়ে এরশাদ অবসরে যাবেন: কাজী জাফর

জাতীয় পার্টির বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেছেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এইচ এম এরশাদ অবসরে যাবেন বা চিকিত্সা নিতে যাবেন। তিনি বলেন, এর অর্থ হচ্ছে, এরশাদ নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন তা থেকে তিনি বেরিয়ে আসবেন।
কাজী জাফর তাঁর গুলশানের বাসভবনে আজ শনিবার সাংবাদিকদের কাছে এ দাবি করেন। তিনি বলেন, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু নির্বাচনকালীন সরকার থেকে বের হয়ে আসতে চান না।
জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পর কাজী জাফর একই নাম ও প্রতীকে নতুন দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে ১৮ ডিসেম্বর কাউন্সিল হবে। এর পরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি চলমান ১৮-দলীয় জোটের আন্দোলনে সমর্থন দেওয়ার কথা জানিয়ে বলেন, আন্দোলনটি যুগপত্ হবে না এককভাবে হবে, তা কাউন্সিলের পর নির্ধারণ হবে।
প্রেসিডিয়ামের কতজন সদস্য তাঁর সঙ্গে আছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, ৪৩ জনের মধ্যে ২০-২৫ তাঁর সঙ্গে আছেন। তবে অবরোধের কারণে তাঁরা এখানে আসতে পারেননি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ যোগাযোগ করেছেন কি না—জবাবে কাজী জাফর বলেন, ‘এরশাদ যোগাযোগ করলেও আমি করব না। এরশাদের জাতীয় পার্টি আর আমার জাতীয় পার্টি এক হবে না।’
সেনাশাসনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে—এ ব্যাপারে কাজী জাফরের বক্তব্য, ভবিষ্যতে বাংলাদেশের কী হবে, জ্যোতিষীরা জানে। তিনি অভিযোগ করেন, সরকার বাসে আগুন দিচ্ছে। এর আগেও তারা এমনটা করেছে।