জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
আজ শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার নিজ কার্যালয়ে রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ। বৈঠকে রওশনকে ভারত সফরের আমন্ত্রণ জানান সুষমা।
বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের এ কথা জানান। তবে বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সুষমার সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি বলে রওশন জানান।
রওশন এরশাদের সঙ্গে সাক্ষাত্ করতে বেলা ১১টা ৫০ মিনিটে সুষমা স্বরাজ সংসদে ভবনে পৌঁছান। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সামনে রওশনের সঙ্গে আলিঙ্গন করেন সুষমা স্বরাজ। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রওশন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।
সুষমার সঙ্গে বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্যুত্ খাতে সহযোগিতা, ছিটমহল বিনিময়, স্থল সীমান্ত চুক্তি ও তিস্তার পানি বণ্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধীদলীয় নেতা।
রওশন বলেন, ‘বিদ্যুত্, সীমান্ত এবং তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। সুষমা জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী ভারত।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।’