রওশনে গোস্সা রংপুরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জয়ের পর কেটে গেছে সাড়ে চার বছরের বেশি সময়। মহাজোট সরকারের পাঁচ বছরের সংসদের মেয়াদ শেষের দিকে। এ দীর্ঘ সময়ে একটিবারের জন্যও নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হননি জাতীয় পার্টির সাংসদ রওশন এরশাদ।রংপুরবাসী অনেক আশা নিয়ে তাঁকে নির্বাচিত করেছিলেন। কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে। সাংসদকে কাছে না পেয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ। তবে সাংসদ রওশন বলছেন, অসুস্থতার কারণে তিনি এলাকায় যেতে পারেননি। তাঁর প্রত্যাশা, জনগণ বিষয়টি বুঝতে পারবে। তিনি ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেন।উপনির্বাচনের সময় রওশন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আধুনিক শহর বলতে যা বোঝায়, রংপুরকে তেমনই তিলোত্তমা আধুনিক নগরে পরিণত করা হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, রংপুর বেতারকে ১০০ কিলোওয়াটে উন্নীতকরণ ও রাস্তাঘাটের সংস্কার করা হবে। কিন্তু সাড়ে চার বছরে এর কিছুই করা হয়নি।২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন। পরে তিনি ঢাকার আসন রেখে রংপুরের আসনটি স্ত্রী রওশনের জন্য ছেড়ে দেন।ভোটারদের অভিযোগ, কয়েক মাস বাদেই মহাজোট সরকারের মেয়াদ শেষ। অথচ এ দীর্ঘ সময়ে রওশন তাঁর একটি কথাও রাখেননি। প্রতিশ্রুতি বাস্তবায়ন তো দূরের কথা, জনগণের কাছে একটি বারও এলেন না। মাঝেমধ্যে এরশাদের সফরসঙ্গী হয়ে এসেছেন ঠিকই, কিন্তু জনগণের মুখোমুখি হননি। এমপিকে রংপুরে না পেয়ে ঢাকায় গিয়ে অনেক দেনদরবারের পর তাঁর সঙ্গে দেখা করে সই-স্বাক্ষর নিতে হয়।রংপুর সদরের উত্তম হাজিরহাট এলাকার কাঠমিস্ত্রি আফজাল হোসেন বলেন, ‘পাঁচ-পাঁচটা বছর চলি যাইতোছে বাহে, একবারও হামার এমপির নাগাল পাইনো না। ওমাক ভোট দিয়া হামার কী লাভ হইল বাহে...।’সাংসদকে কাছে না পেয়ে রংপুরবাসী বিগত বছরগুলো অভিভাবকহীনভাবে কাটিয়েছেন মন্তব্য করে রংপুরের সাংস্কৃতিক সংগঠক ও ঢাকা শিল্পকলা একাডেমীর সদস্য বিপ্লব প্রসাদ বলেন, ‘রংপুরকে বিভাগ করা হয়েছে। এরপর সিটি করপোরেশন হলো। রাজনীতিতে এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমাদের এমপি একটি দিনও এলেন না।’ ক্ষোভ প্রকাশ করে মাহিগঞ্জের কলেজশিক্ষক রফিক সরকার বলেন, ভোটারদের ভুল সিদ্ধান্তের কারণে রংপুর সব সময় উপেক্ষিত থেকেছে।রওশনকে কাছে না পেয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও হতাশ। রংপুরের রাজনীতিতে তাঁর ভূমিকা না থাকা এবং সিটি করপোরেশন নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ায় ইতিমধ্যে অনেকে দলত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সদস্য সৈয়দ নূর আহমেদ বলেন, ‘উন্নয়নমূলক কাজ তো দূরের কথা, দলগতভাবেও তাঁকে (রওশন) পাইনি। আর জনগণ কীভাবে পাবে?’জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান বলেন, ‘নির্বাচিত হওয়ার পর ম্যাডাম (রওশন) অধিকাংশ সময় অসুস্থ ছিলেন। তাই এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করতে পারেননি। ম্যাডামের অনুমতি নিয়ে আমি তাঁর হয়ে সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি।’যোগাযোগ করা হলে রওশন এরশাদ গত ২৩ জুলাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে আমি নির্বাচনে কাজ করেছি। আর নির্বাচিত হওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার জন্য আমাকে একাধিকবার দেশের বাইরেও যেতে হয়েছে। এ কারণে রংপুরে যেতে না পারায় আমি জনগণের কাছে দুঃখিত। আশা করি, রংপুরের জনগণ বিষয়টি বুঝতে পেরেছেন।’