রওশনের নির্বাচনে যাওয়ার বিষয় জানেন না রুহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল আমিন হাওলাদার
রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে যাচ্ছে কি না, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।
আজ বৃহস্পতিবার জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
এদিকে ঢাকা-১৭ আসনে এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আজ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জাপার মহাসচিব।
সাংবাদিকেরা জাপার মহাসচিবের কাছে জানতে চান, জাতীয় পার্টির জন্য ৬০টি আসন ছেড়ে দিচ্ছে মহাজোট। এ অবস্থায় দলটি নির্বাচনে যাচ্ছে কি না?
জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, পার্টির চেয়ারম্যান আগেই তাঁর অবস্থানের কথা জানিয়েছেন। সে অবস্থান থেকে তিনি সরে আসেননি।
এর আগে এরশাদ বলেছিলেন, ২০০ আসনে দিলেও নির্বাচনে যাবেন না তিনি।
রওশন এরশাদের নেতৃত্বে জাপার একটি অংশ নির্বাচনে যাচ্ছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছেন বলে দাবি করেন রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, কালকের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।
কাল ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুহুল আমিন হাওলাদারকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল।

রওশন-সালমার বাসায় পতাকা: রওশন এরশাদের বাসায় সকাল থেকেই দলের প্রেসিডিয়াম সদস্যসহ বেশ কিছু নেতা-কর্মী অবস্থান করছেন। নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে সবাই পদত্যাগ করেছেন বলে জাতীয় পার্টি ঘোষণা দিলেও আজও রওশন এরশাদের বাড়ির সামনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলামের বাড়িতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।