রওশনের নেতৃত্বে নির্বাচনে থাকা নিয়ে জাপায় বিভ্রান্তি
‘রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশগ্রহণ করবে’ বলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে জাপার নীতিনির্ধারণী মহলে বিভ্রান্তি দেখা দিয়েছে।
কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি) জাপার প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালকুটিতে কর্মী সমাবেশ করে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। ওই সমাবেশে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’ সমাবেশে আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রধান অতিথির বক্তৃতা করেন।
পরে কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘জাপা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে নেমেছে। আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে আমরা কাজ করছি।’
তবে এরশাদের ঘনিষ্ঠ জাপার উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ফিরোজ রশীদের এ বক্তব্যের ভিত্তি নেই। কারণ, এরশাদকে ‘আটক’ করে সিএমএইচে নেওয়ার পর তিনি তাঁর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে চিঠি দিয়ে জানিয়েছেন দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত জানানো হবে মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরের মাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, রওশনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা তাঁর জানা নেই। তাঁকে এমন কোনো নির্দেশনা এরশাদ দেননি।