দলীয় চেয়ারম্যান ও মহাসচিবকে ছাড়াই জাতীয় পার্টির (জাপা) বেশির ভাগ সাংসদ রওশন এরশাদের নেতৃত্বে গতকাল রোববার জাতীয় স্মৃতিসৌধে গেছেন। তাঁরা বেলা একটার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও দশম সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু গতকাল স্মৃতিসৌধে যাওয়ার বিষয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে জানানো হয়নি বলে তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে।
এর আগে ১৫ জানুয়ারি জাপার সংসদীয় দলের সভায় স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল। এরশাদের তখনকার নির্দেশে ওই কর্মসূচি বাতিল করতে হয় বলে দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে গতকাল সংসদীয় দলটিকে নিরস্ত করতে পারেননি জাপার চেয়ারম্যান।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জাপায় এরশাদ ও রওশনপন্থী হিসেবে দুটি ধারার সৃষ্টি হয়েছে। দলের সাংসদদের বেশির ভাগ রওশনের সঙ্গে আছেন। ১৪ জানুয়ারি এরশাদকে ছাড়াই রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় রওশনকে সংসদীয় দলের প্রধান করা হয়।