রওশনের বক্তব্যের সময়ে ঘুমাচ্ছিলেন মন্ত্রী

বিচারহীনতার সংস্কৃতি জাতীয় জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বক্তব্যের একপর্যায়ে রওশন নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের মন্ত্রণালয় নিয়েও কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন নিয়ে কথা বলতে গিয়ে পাশে বসা আনিসুল ইসলাম মাহমুদের দিকে তাকিয়ে দেখেন তিনি ঘুমাচ্ছেন।
আজ বুধবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সাত খুন, কুমিল্লার তনু ও চট্টগ্রামের এসপির স্ত্রী মিতু হত্যাকাণ্ডসহ সম্প্রতি জঙ্গি হামলার কথা তুলে ধরে রওশন বক্তব্য দেন।
রওশন এরশাদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হই তবে এর উত্থান হবে না। ছেলে-মেয়েদের বন্ধুর মতো বুঝাতে হবে। ভালো পথে আনতে যা যা করার দরকার মিলিতভাবে করতে পারব বলে আমার বিশ্বাস। তারা কোথায় যায়, কী পড়ছে, কার সঙ্গে মিশছে সেটা খোঁজ নিতে হবে। সন্ত্রাসবাদ সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর নির্মূল করতে হবে।
বিদেশিদের হত্যার জন্য গুলশানে হামলা করা হয়েছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, বিদেশিরা যাতে ভবিষ্যতে এ দেশে আসতে না চায়, এটাই ছিল তাদের লক্ষ্যে। বিনিয়োগ ব্যাহত করা তাদের উদ্দেশ্য। জঙ্গিরা আমাদের দেশের ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করেছে। বাংলাদেশ সবচেয়ে নিরাপদ দেশ ছিল। বিশ্বের অন্য দেশের ঘটনার সঙ্গে আমাদের ঘটনার মিল নেই। আমাদের দেশে সিরিয়া-লেবাননের মতো ঘটনা নেই। আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেটাকে রুখতে এসব করা হচ্ছে।
শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে রওশন বলেন, শিক্ষা ব্যবস্থা যেটা চালু আছে তাতে বলা যাবে না মানসম্মত শিক্ষা দিতে পারছি। ব্যাঙের ছাতার মতো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় হয়েছে। পাসের হার বাড়ছে, মান সম্মত শিক্ষা বাড়ছে না।
মন্ত্রী মহোদয় ঘুমাচ্ছেন
বক্তব্যের একপর্যায়ে রওশন এরশাদের দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের মন্ত্রণালয় নিয়েও কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন নিয়ে কথা বলতে গিয়ে পাশে বসা আনিসুল ইসলাম মাহমুদের দিকে তাকিয়ে দেখতে পান তিনি ঘুমাচ্ছেন। এ সময় রওশন বলেন, মন্ত্রী মহোদয় ঘুমাচ্ছেন। তাঁর এ কথায় আনিসুল ইসলাম মাহমুদ সোজা হয়ে উঠে বসেন।
এমপিদের প্লট দিন
রওশন তার বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মন্ত্রী-এমপিরা যারা প্লট পাইনি তাদের যেন প্লট দেওয়া হয়। এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। যাদের প্লট দেওয়া হয়নি তাদের দিতে হবে। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান।
এ সময় রওশন এরশাদ পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।