রওশনের ভরসা সৌরচুলা

সূর্য ওঠার পরই দোকান খোলেন রওশন। সূর্যের দিকে মুখ করে রাখা চুলার প্লেট পরখ করেন। ব্যাটারির চার্জ ঠিকঠাক আছে কি না, দেখেন। চুলায় কয়লা দেন। এরপর বসিয়ে দেন চায়ের কেটলি।
সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কেটলির পানি টগবগ করে ফুটতে থাকে। রওশনের হাতও দ্রুত চলতে থাকে। বানান কাপের পর কাপ চা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানে ভিড় বাড়ে। সৌরচুলার জ্বালও বাড়ে।
গাইবান্ধা সদরের থানাপাড়ায় রেললাইনের পাশেই রওশনের ছোট্ট চায়ের দোকান। চারপাশে গাছপালা। পাশেই পুকুর। কয়েকটি বেঞ্চি পাতা। আশপাশের বাড়ির ছেলেমেয়ে, পুরুষ-নারীরা এখানে চা খেতে আসেন। সকাল-বিকেল সেখানেই জমে ছোটখাটো চায়ের আড্ডা।

রওশনের পুরো নাম রওশন আরা। চা বানাতে তাঁকে সাহায্য করেন স্বামী মো. শহীদ। রওশনের দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলে ও মেয়ের বিয়ে হয়ে গেছে। যে যাঁর মতো সংসার করেন। মা-বাবার দায়িত্ব তাঁরা নিতে চান না। রওশন তাই নিজেই সংসারের হাল ধরেছেন।
গাইবান্ধার গোবিন্দপুরে থাকেন রওশন। আগে ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ করতেন। তিন বছর আগে থানাপাড়ার সাবেক ওয়ার্ড কমিশনার মমতা সরকারের সহায়তায় টিন ও বাঁশ দিয়ে নিজেই বানান চায়ের টং দোকান। শুরুতে কেরোসিনের চুলায় চা বানাতেন। কম দাম দিয়ে সেই চুলা কিনলেও দিনে কেরোসিনের পেছনে তাঁর খরচ হতো ১০০ টাকা।
এরপর গাইবান্ধা সদরের গোরস্থান মোড়ের বিক্রেতা নজু মিয়া তাঁকে সৌরচুলা কেনার পরামর্শ দেন। প্লেট, ব্যাটারিসহ ছয় হাজার টাকায় সৌরচুলা কেনেন রওশন। এখন দিনে কয়লার পেছনে তাঁর খরচ পড়ে মাত্র ১০ থেকে ১৫ টাকা।

কীভাবে চলে এই সৌরচুলা—জানতে চাইলে নজু মিয়া বলেন, সূর্যের দিকে মুখ করে সৌরচুলার প্লেট বসানো হয়। প্লেটে আসা সূর্যের তাপে চার্জ হয় ব্যাটারি। ব্যাটারির সঙ্গে তার দিয়ে চুলা সংযুক্ত থাকে। চুলায় কয়লা দিয়ে সামান্য কেরোসিন তেল দিতে হয়। এরপর আগুন দিলেই চুলা জ্বলে। জ্বাল কমানো-বাড়ানোর জন্য একটি ফ্যানও রয়েছে। আইপিএসের মাধ্যমে ব্যাটারির চার্জ নিয়ন্ত্রণ করা হয়।
ফিরে যাই রওশনের কাছে। মেঘলা দিনে কী করেন? জানতে চাইলে তিনি বলেন, এক-দুদিন হলে সমস্যা হয় না। সূর্যের তাপে এক দিনে ব্যাটারির যা চার্জ থাকে, তাতেই দুদিন চুলা জ্বলে। তবে কয়েক দিন আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে ব্যাটারিতে আলাদাভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দিতে হয়।
সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জ্বলে রওশনের সৌরচুলা। দিনে ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। তাতে তাঁর সংসার চলে।