রংপুরে অবস্থান করা সত্ত্বেও এখানকার সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের মেয়র পদপ্রার্থীর পক্ষে মাঠে নামছেন না জাতীয় পার্টির (জাপা) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ রওশন এরশাদ।জাতীয় পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় দুজন নেতা প্রথম আলোকে বলেছেন, দলীয় সিদ্ধান্তের কারণে রওশন এরশাদ দলের প্রার্থীর পক্ষে প্রচার বা রংপুরে নিজস্ব কার্যক্রমে অংশ নিচ্ছেন না। কারণ, রংপুর সদর আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর রওশন এরশাদ গত চার বছর এলাকার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। ফলে তাঁকে নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা আছে। এখন আবার সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গেলে মানুষ তা ভালোভাবে নাও নিতে পারে। এ কারণে তাঁকে রংপুরে নির্বাচনী ও দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এরশাদের স্ত্রী রওশন গত মঙ্গলবার রংপুরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঘরে বসেই সময় কাটিয়েছেন। এমনকি গত বুধবার অনুষ্ঠিত দলের কর্মিসভায়ও অনুপস্থিত ছিলেন তিনি। এ ব্যাপারে বক্তব্য জানতে রওশন এরশাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা বলেন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না।জাপাসমর্থিত মেয়র পদপ্রার্থী মসিউর রহমান ওরফে রাঙ্গা বলেন, ‘তিনি (রওশন) এলাকায় তেমন আসেন না। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একধরনের আলোচনা আছে। এ জন্য আমিই তাঁকে নিষেধ করেছি নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে।’ এ নির্বাচনে দলের মহানগর আহ্বায়ক মসিউর রহমানকে জাপা সমর্থন দিয়েছে। এর প্রতিবাদে আরও দুই নেতা জাপা থেকে বেরিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন, জাপার সাবেক জেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান (মোস্তফা) ও বিলুপ্ত রংপুর পৌরসভার সর্বশেষ মেয়র ও জাপার পৌর কমিটির সাবেক সভাপতি এ কে এম আবদুর রউফ (মানিক)। এ অবস্থায় মাঠপর্যায়ের অবস্থা পর্যবেক্ষণের জন্য জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়কে রংপুর পাঠানো হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিন প্রার্থীই শক্তিশালী অবস্থানে আছেন। দলের জন্য এটা বিব্রতকর। চেয়ারম্যানের নির্দেশে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাঠ জরিপ করছি। এর ফলাফল এরশাদ সাহেবকে দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে তিনি পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’ তিনি এও বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৯ নভেম্বর সময় আছে। এর মধ্যে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলে চেষ্টা করা হবে একক প্রার্থী রাখার।তবে জাপা থেকে বিদ্রোহ করা দুই নেতাই নির্বাচন করার ব্যাপারে অনড়। দুজনই দাবি করেন, মাঠে তাঁদের ভালো অবস্থান রয়েছে।