রওশনের সঙ্গে তোফায়েল-রিজভীর 'সৌজন্য সাক্ষাৎ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন এরশাদ, তোফায়েল আহমেদ এবং গওহর রিজভী
রওশন এরশাদ, তোফায়েল আহমেদ এবং গওহর রিজভী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। এই দেখা করার বিষয়টিকে তাঁরা ‘সৌজন্য সাক্ষাত্’ বলে দাবি করেছেন। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রওশন এরশাদের বাসায় যান তোফায়েল ও গওহর রিজভী।

সাক্ষাৎ শেষে সন্ধ্যা সাতটার দিকে তোফায়েল আহমেদ ও গওহর রিজভী রওশনের বাসা থেকে বের হয়ে যান। এ সময় সাংবাদিকেরা তাঁদের ঘিরে ধরে সাক্ষাতের বিষয়ে জানতে চান। তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের চাপাচাপিতে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি।’ এ কথা বলে তাঁরা গাড়িতে উঠে চলে যান।

তোফায়েল আহমেদ এবং গওহর রিজভী গুলশানের একটি বাসায় বিএনপির নেতাদের সঙ্গে চলমান সংলাপ নিয়ে তৃতীয় বৈঠক শেষে রওশনের বাসায় যান।

এদিকে আজ দিনভর রওশন এরশাদ জাপার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। যখন তোফায়েল আহমেদ ও গওহর রিজভী রওশন এরশাদের বাসায় যান, তখন সেখানে আগেই থেকেই ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।

জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ‘আটক’ হন এইচ এম এরশাদ। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে ‘চিকিত্সাধীন’। এরপর সকাল থেকেই দলের নেতারা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করছেন।