রওশনের 'সুন্দর মহল'-এর সামনে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসার সামনে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ জেলা কার্যালয়ে পেট্রলবোমা ছোড়ে দুবৃর্ত্তরা।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জেলা জাসদের নেতা-কর্মীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে শহরের আঠারোবাড়ি ভবনের সামনে অবস্থিত জাসদের দলীয় কার্যালয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন মোটরসাইকেলে করে এসে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে কার্যালয়ের দরজা, জানালা ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়।

প্রায় একই সময়ে শহরের ফায়ার সার্ভিস সড়কে রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’-এর সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় রওশন এরশাদ বাসায় ছিলেন না।

জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের দাবিতে জাসদ সক্রিয় বলেই এ হামলা।’ হামলার প্রতিবাদে আজ সোমবার বেলা তিনটায় জাসদ শহরে বিক্ষোভ মিছিল করবে।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুটি স্থানেই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে তিনি জানান।