রকমারি খাবার নিয়ে ‘ফুড ফেস্টিভ্যাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির থালায় সাজানো পান্তা ভাত। আর এর মধ্যে রয়েছে দই, আলু, বেগুন, টমেটো ও কাঁচকলা ভর্তা। এর নাম ‘দই পান্তা’। দাম রাখা হয়েছে প্রতি থালা ১০০ টাকা। ‘দই পান্তা’ পরিবেশন করছে ‘ধাবা’। এর একটু দূরে ‘সেতারা ফুডে’ ভাজা হচ্ছে জিলাপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম-সংলগ্ন মাঠে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে স্টলগুলোতে এ ধরনের মুখরোচক সব খাবার তৈরি করা হয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের অংশ হিসেবে এ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী খাবার উৎসবের উদ্বোধন করেন উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা হাকিম আলী। বক্তব্য দেন ডেইলি স্টার-এর ব্যবসায়প্রধান শাহরিয়ার রশীদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান রাইসুল হক। মনোয়ারা হাকিম আলী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে এ ধরনের উন্মুক্ত ফুড ফেস্টিভ্যালের আয়োজন এটাই প্রথম। রন্ধনশিল্পে আমাদের নারীরা যে অবদান রেখে যাচ্ছেন, এর মাধ্যমে তাঁদের সেই প্রতিভা বিকাশের সুযোগ ঘটল। এ জন্য ডেইলি স্টার সাধুবাদ পাওয়ার যোগ্য।’ ফুড ফেস্টিভ্যালে উইমেন চেম্বার অব কমার্সের সদস্যসহ বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৮০টি স্টল রয়েছে। এগুলোর মধ্যে হোটেল আগ্রাবাদ, ম্যারিডিয়ান, ওয়েল পার্ক, ধাবা, কিশোয়ান স্ন্যাকস, কে ফুড, বঙ্গ রসনা, এক্সপ্রেস এক্সিল্যান্ট ফুড, সাবিনা’স কিচেন, ফুড মাট, হট অ্যান্ড কুল উল্লেখযোগ্য। এসব স্টলে রয়েছে বিভিন্ন পিঠাপুলি, মিষ্টি, ফুচকা, সমুচা, পাকোড়া, থাই স্যুপ, টাটকা ফলের রস, অ্যারাবিয়ান চিপস, আদিবাসী খাবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংস ইত্যাদি। বেশির ভাগ খাবারই তাৎক্ষণিকভাবে পরিবেশনের ব্যবস্থা রয়েছে এখানে।