
নাম বদলে রাইফেলস স্কয়ার এখন ‘সীমান্ত স্কয়ার’। তবে জায়গাটি বদলায়নি, পরিবেশও আছে সেই আগের মতোই। প্রতিদিন শত শত তরুণ-তরুণীর সমাবেশ ঘটছে এই চত্বরে। দল বেঁধে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠে কাটছে সময় দেশি-বিদেশি সুস্বাদু খাবার আর পানীয়র সঙ্গে।
পিলখানার প্রধান গেটের পাশে সীমান্ত স্কয়ারকে নতুন করে নগরবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নতুন বিষয়টি হলো, এখানে যে বহুতল বিপণিবিতানটি রয়েছে, তার সামনের বিশাল খোলামেলা চত্বরে হরেক রকম খাবারের সমারোহ। বছর তিনেক হলো এসব খাবারের স্টল করা হয়েছে। উত্তর পাশের প্রাচীর ঘেঁষে গায়ে গায়ে লাগানো স্টলগুলো। আকারে তেমন বড় নয়। সামনে রঙিন টেবিলের চারপাশজুড়ে ফেলে রাখা চেয়ার বা মোড়া। বড় আকারের রঙিন ছাতাও আছে মেলে দেওয়া আছে কোথাও কোথাও। চত্বর থেকে চেয়ারের সারি শেষ হয়েছে বিপণিবিতানের সিঁড়ির সামনে। প্রশস্ত মার্বেল পাথরে বাঁধা সিঁড়িতে বসে পড়তেও নিষেধ নেই। সেখানে বসছেনও অনেকে। বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে গমগম করে চত্বরটি। শুক্র-শনিবারে তো দাঁড়ানোর জায়গা পাওয়াই মুশকিল হয়ে পড়ে। মনে হয় যেন চলছে জমকালো কোনো খাদ্য উৎসব।
আসলে খাদ্য উৎসব বলাই যেতে পারে। ফুচকা-চটপটি থেকে শুরু করে তন্দুরি চিকেন, দোসা, পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রায়েড রাইস হয়ে মেক্সিকান টাকস, ফাজিতাসহ হরেক রকম খাবার ঝটপট গরম গরম তৈরি করে দেওয়া হচ্ছে ফরমাশ দেওয়ামাত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে সীমান্ত চত্বরের এই খাদ্যভুবনে গিয়ে দেখা গেল, গল্পসল্পে মেতে মধ্যাহ্নভোজের পর্ব সেরে নিতে এসেছেন অনেকে। এখানে দোকান আছে ২৪টি। এর মধ্যে কেবল আইসক্রিম, তাজা ফলের রস ও কোমল পানীয়র চারটি দোকান রয়েছে বিপণিবিতানের নিচের তলার লবির সামনে। ফটক দিয়ে প্রবেশ করতেই হাতের বাঁয়ে প্রিন্স ফাস্টফুড। এখানে খাবার তৈরি করেন মো. সুমন। তিনি ধানমন্ডির একটি ভারতীয় খাবারের রেস্তোরাঁর প্রধান পাচকের সহকারী ছিলেন। জানালেন, বিভিন্ন ধরনের বার্গার, সাসলিক, পিৎজা, পাস্তা, নুডলস—এসবই এখানে বেশি বিক্রি হয়।
ভারতীয় খাবার বিক্রি হয় ‘ডক্টর ডি’ ও ‘গুড ফুড’ নামের দোকানে। এখানে পাওয়া যায় বিভিন্ন স্বাদের দোসা ১৫০ থেকে ২৪০ টাকায়, তন্দুরি চিকেন ১৬০-২০০ টাকা, পাপড়ি চাট ১২০ টাকা, দই ফুচকা ৮০ টাকা। ‘এমবি ফুড’, ‘টিক আই’তে পাওয়া যায় মেক্সিকান খাবার টাকস ও ফাজিতা, দাম প্রতিটি ১৫০ টাকা। এসব ছাড়া এখানে পাওয়া যায় নুডলস, ফ্রায়েড রাইস, রাইস বল, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, স্যান্ডউইচসহ হরেক রকমের খাবার। তরুণেরা যাতে এসব সহজেই কিনতে পারেন, সে কারণে দামও সাশ্রয়ী। কোনো খাবারের দামই ৩০০ টাকার বেশি নয়। এসব দোকানের ব্যবস্থাপক ও পাচক আকবর হোসেন, আবদুল করিম, ফিরোজ আহমেদসহ অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিদিন তাঁদের দোকানে প্রতিদিন গড়পড়তা ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি হয়। শুক্র-শনিবার কোনো কোনো দোকানের বিক্রি ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এই দোকানগুলো। মঙ্গলবার বন্ধ।
ডক্টর ডি থেকে মেক্সিকান খাবার কিনতে এসেছিলেন চকবাজারের ব্যবসায়ী মাহফুজুর রহমান খান। তিনি জানালেন, জিগাতলায় ব্যবসার কাজে এসেছিলেন। বাচ্চারা এসব খাবার পছন্দ করে। তাই ফেরার পথে তাদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন। সীমান্ত স্কয়ার বিপণিবিতানে যাঁরা কেনাকাটা করতে আসেন, তাঁদের অনেকেও কেনাকাটা শেষে এখানে হালকা খাবারের স্বাদ নেন। তবে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আর তরুণ-তরুণীরাই বেশি আসেন বলে বিক্রেতারা জানালেন।
এমবি ফুডে দুপুরের খাবার খেতে এসেছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী আশিকুর রহমান, নিগার সুলতানা ও তাঁদের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম। আশিকুর জানালেন, এখানে খাবারের মানটা ভালো আর দামও নাগালের মধ্যে, তাই মাঝেমধ্যেই এখানে তাঁরা আসেন। জারিন খাদ্য নিয়েই পড়ালেখা করেন, তাই তাঁর মন্তব্য হলো, খাবারগুলো সুস্বাদু তবে স্বাস্থ্যগত দিক বিচার করলে তেমন স্বাস্থ্যসম্মত নয়। তবে এখানে পরিবেশটি ভালো, কোনো অবাঞ্ছিত ঝুটঝামেলা নেই। খেতে খেতে আড্ডা দিয়ে চমৎকার সময় কাটানো যায়। তাই জায়গাটি তাঁদের বেশ পছন্দের। ফলে সময় পেলেই বন্ধুবান্ধব মিলে এখানে চলে আসেন। আজ ছুটির দিন। চাইলে আপনিও এ দলে যুক্ত হতে পারেন।