
বাংলা একাডেমির চত্বরে বাংলাদেশ শিশু একাডেমির স্টলের সামনে ছোট ছেলেটি অনেকক্ষণ ধরে একটি বইয়ের পাতা উল্টেপাল্টে দেখছিল। পাশ থেকে মা বললেন, ‘কত বড় বই! কত দিনে পড়বি, বুঝবি না। আরও বড় হ, তখন কিনব।’
বালক শুকনো মুখে মায়ের সঙ্গে হাঁটা দিল। ততক্ষণে আরেক বালক ওই বইতেই আটকে গেছে। তার মা বইটার দাম জানতে চাইলেন। দেখা গেল, বইটার দুটি খণ্ডের দাম কমিশন কেটেও ৮০০ টাকার ওপরে। মা নিচু গলায় বলেন, ‘বাবা, আজকে নিতে পারব না।’
বইটা আবদুল্লাহ আল মুতী সম্পাদিত ছোটদের বিজ্ঞানকোষ। বেরিয়েছে ২০০৯ সালে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি বইমেলায় ঘুরেছি পাঠকের মন বোঝার আশায়। যাত্রা শুরু হলো দুই বালকের আশাহত চেহারা দেখে।
একটু আগে বাংলা একাডেমির স্টলে মধ্যবয়সী এক নারীকে রোকেয়া রচনাবলী কিনতে দেখেছি। বইটা প্রথম বেরিয়েছিল ১৯৭৩ সালে। একাডেমির কর্মকর্তা ইমরুল ইউসুফ বললেন, তাঁদের অভিধানগুলো তো বটেই, ধ্রুপদি অনেক বই ভালো বিক্রি হচ্ছে। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা, এস ওয়াজেদ আলীর ভবিষ্যতের বাঙালী বা হুমায়ুন কবিরের নদী ও নারী যেমন। ভালো চলা নতুন বইয়ের মধ্যে আছে অধ্যাপক হারুন-অর-রশিদের মূলধারার রাজনীতি: বাংলাদেশ আওয়ামী লীগ: কাউন্সিল ১৯৪৯-২০১৬।
যে বই আগে পড়িনি, সেটাই তো নতুন বই। আবার বইটা হয়তো ধার করে পড়েছি, এখন নিজের কাছে রাখতে চাই। মুক্তধারার স্টলে এক প্রবীণাকে মৈত্রেয়ী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ কিনতে দেখে এসব কথা মাথায় এল।
একাডেমির চত্বরে সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক প্রকাশকদের স্টল। অপ্রকাশক বা মৌসুমি প্রকাশকেরাও আছেন। বাংলাদেশ ছাত্রলীগ বা যুবলীগের যুব গবেষণা কেন্দ্র যেমন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টলটিতে অনেক বই সাজানো। কনস্টেবল আবু আলী বললেন, জনা চল্লিশেক লেখকের বই আছে। ডিএমপি প্রকাশক না, তবে লেখকেরা পুলিশ বাহিনীর সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদ পদ্ধতির ওপর লেখা একটি বই নাকি ভালো চলছে।
স্টলটিতে বই দেখছিলেন সবান্ধবী মো. অনিক্স রহমান। কিনলেন পশ্চিমবঙ্গের ধীরাজ ভট্টাচার্যের যখন পুলিশ ছিলাম। প্রকাশক দ্য স্কাই পাবলিশার্স। তাঁর সামনে বিসিএস পরীক্ষার ভাইভা, ‘বইটা কাজে লাগতে পারে।’ আগের দিন তিনি ছোট ভাইয়ের জন্য বঙ্কিম, বিভূতিভূষণ আর মানিকের বই কিনেছেন। নিজের জন্য কিনেছেন আখতারুজ্জামান ইলিয়াসের খোঁয়ারি। অনিক্স বগুড়ার ছেলে। লেখকের ‘বাড়ি’ও বগুড়ায়, সেটা আলাদা টানের বিষয়।
গাজীপুরের একটি স্কুল থেকে স্যারের সঙ্গে জীবনে এই প্রথম বইমেলায় এসেছে নবম শ্রেণির ছাত্র মো. তোফাজ্জল মোল্লা। তার ঝুলিতে হুটমায়ূন আহমেদের জয়জয়ন্তী আর শাহাদুজ্জামানের অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প। কিনেছে সে লেখক আর গল্পের নামের টানে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের স্টল থেকে সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিরোধিতা: একাত্তরের ঘাতকদের জবান জুলুম ষড়যন্ত্র চিত্র কিনলেন ডা. মূর্তজা মজিদ। প্রথমায় যাবেন মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: উত্থানপর্ব: ১৯৪৮-১৯৭০ বইটি কিনতে।
এদিকে মেলায় আসা অনেক তরুণীর মাথায় মৌসুমি ফুলের মুকুট বলছে, পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের রেশ কাটেনি। আমিও ষাটের দশকের তরুণী নায়িকার হাসিমুখের টানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের স্টল থেকে সুমিতা দেবী বইটা কিনে ফেললাম। লিটল ম্যাগাজিনের উঠানে কবি প্রকাশনীর ঋত্বিক ঘটকের গল্পসংগ্রহও চোখকে টানল।
সোহরাওয়ার্দী উদ্যানের ভিড়ে লাঠিতে ভর দিয়ে ঘুরছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। বয়স হয়েছে ৮১। ব্যবসা করতেন, এখন বই পড়েন। আরও তিন দিন এসেছেন, বিস্তর বই কিনেছেন। লাল কালিতে লেখা লম্বা একটি তালিকা দেখিয়ে বললেন, আরও কিনবেন।
রিয়াজউদ্দিনের তালিকায় গল্প-উপন্যাস নেই। সময় প্রকাশন থেকে কেনা আবদুল্লাহ আবু সায়ীদের বিস্রস্ত জার্নাল আর আরিফ রহমানের ত্রিশ লক্ষ শহিদ: বাহুল্য নাকি বাস্তবতা দেখিয়ে বললেন, ‘সব জানতে চাই। জানার কৌতূহল খুব বেশি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সোমা দে তিন দিন মেলায় ঘুরেছেন। তিনি ইউপিএল আর জাতীয় গ্রন্থ প্রকাশন থেকে নিজের বিষয় আর দর্শনের কিছু বই কিনেছেন। বাংলা একাডেমি থেকে কিনেছেন অভিধান আর ব্যাকরণের বই।

সোমা দেখে-বেছে বই কেনেন। তবে মেলা এবার বেশি বড়। মানসম্মত বই খুঁজতে সময় লাগছে। মেয়ের জন্য ছোটদের বইও অনেক কিনেছেন। বললেন, ‘বইগুলোতে বানান ভুল প্রচুর। ভূতের বই বেশি। মেয়ে কিনবেই। বাসায় গিয়ে দেখছি, মান ভালো না।’ তাঁর মতে, মেলা বড় না করে বরং বইয়ের মানে নজরদারি দরকার।
সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনিও বললেন, মানহীন বই অনেক আসছে। তাঁর ধারণা, অংশগ্রহণকারীদের সিকি ভাগই অপ্রকাশক বা মৌসুমি প্রকাশক। সমস্যাটা সেখানেই, সেখানেই ছাঁকনি দরকার।
ফরিদ আহমেদ বলছেন, মননশীল বইয়ের তুলনায় সৃজনশীল বইয়ের কাটতি অনেক বেশি। হুঁমায়ূন আহমেদ জীবিত থাকতে তাঁর নতুন বইগুলোই বিক্রির শীর্ষে থাকত। এখন মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হকের মতো গুটি কয়েক জনপ্রিয় লেখকের বই শীর্ষে থাকছে। পাঠকের মুখেও এ দুটি নাম শুনেছি।
কথাপ্রকাশের কো-অর্ডিনেটর শাহরিয়ার মাহমুদের মতে, একদল পাঠক খোঁজেন উপন্যাস। শিশু-কিশোরেরা খোঁজে গোয়েন্দা কাহিনি আর ভূতের গল্প। বয়স-নির্বিশেষে বড় একটা দল খোঁজে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু-বিষয়ক বই। আখতার হুসেন সম্পাদিত জনকের মুখ বইটির যেমন এবারও খুব চাহিদা। আর ‘ভিআইপি পাঠকেরা হুমড়ি খেয়ে পড়ছেন’ সৈয়দ মোহাম্মদ শাহেদের নতুন চর্যাপদ: পাঠ ও পাঠান্তর বইটির ওপর।
মেলার তথ্যকেন্দ্রে বাংলা একাডেমির কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কাছে শুনলাম, মানুষ সবচেয়ে বেশি খোঁজে সেবা প্রকাশনী। খোঁজের তালিকায় তারপর আছে বর্ণপ্রকাশ, মানুষের জীবনের গল্প নিয়ে এফএম রেডিওর দুই আরজের সংকলিত বইগুলোর সুবাদে। ঢাকা কমিকস আর অন্যান্য সুপরিচিত প্রকাশনা সংস্থারও খোঁজ পড়ে। ইতিমধ্যে দুই কিশোর এসে একটি বইয়ের খোঁজ করল, যাতে নাকি ইসলাম বিষয়ে নাস্তিকদের প্রশ্নের জবাব আছে। শহীদুল বললেন, বইটি মেলায় নেই তবে অনেক তরুণই এটা খুঁজছে।
অন্যপ্রকাশের স্টলের সামনে বিশাল ভিড়। সেলফি তুলতে তুলতে বেরিয়ে এলেন এক যুবক। বললেন, স্টলে হুামায়ূন আহমেদের স্ত্রী এসেছেন। জার্নিম্যান বুক্স-এর স্টলে এক কিশোরী ভুরু কুঁচকে একমনে স্কেচখাতা কামরুল হাসান দেখছে। চন্দ্রাবতী একাডেমিতে খুদে পাঠকেরা মুহম্মদ জাফর ইকবালের মিতুল ও তার রকেট-এর পাশাপাশি হাশেম খানের ছবিগল্প মধুবক-এও আটকে যাচ্ছে।
কত যে স্টল! কত শত যে বই! যত বই, পাঠকও কি তত? পাঠকের বিচিত্র রুচির হদিস করা বড়ই কঠিন।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১৬৩টি। ৪১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে হাসান ফেরদৌসের জাতিসংঘ: সমকালীন চিন্তাচর্চা সিরিজ ১, রফিক-উম-মুনীর চৌধুরী অনূদিত জর্জ আমাদুর জলচিক্কুর কিনকাশের দুই মরণ। মাওলা ব্রাদার্স এনেছে সৌরভ সিকদারের নক্ষত্র জানে না কক্ষপথ কত দূর, আগামী এনেছে অদিতি ফাল্গুনী অনূদিত চেরনোবিলের কণ্ঠস্বর: একটি পারমাণবিক দুর্ঘটনার কথ্য ইতিহাস। বিদ্যাপ্রকাশ এনেছে সুদীপ্ত সালামের সম্পাদনা ও সংকলন বঙ্গবন্ধুর উক্তি, অনন্যা এনেছে জাদুশিল্পী এম এ জলিলের কষ্ট, মূর্ধন্য এনেছে এ কে এম শফির ফুল-ভালোবাসার তরে এবং রাখালের বাঁশি, সংবেদ এনেছে শাহনাজ নাসরীনের অপ্রেমের গল্প, দেশ পাবলিকেশন্স এনেছে শান্তনু চৌধুরীর পর সমাচার এই যে, আগামী প্রকাশনী এনেছে মাহবুব সিদ্দিকীর কোন আমটি কখন খাবেন, বাবুই এনেছে কাজী আবীর হোসেনের ভালোবাসার রঙ, কাশবন প্রকাশন এনেছে আমিনুল ইসলামের পিয়াসের লাশ। ৪৪ বছর পর এবারের মেলায় পরিবার পাবলিকেশন্স থেকে পুনঃপ্রকাশিত হয়েছে আখতার হুসেনের ছড়ার বই হালচাল। এই বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।
মেলায় আসা বইয়ের মধ্যে পারিজাত প্রকাশনী থেকে আসা মাহবুব কামালের প্রবচনগুচ্ছ, অ্যাডর্ন পাবলিকেশনস থেকে আসা কাজী আলিম-উজ-জামানের দ্বিতীয় গল্পগ্রন্থ সন্ধ্যায় ফেরার সময় পাঠকের আগ্রহের তালিকায় ছিল।