রকিবের হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ও জাতীয়তাবাদী ওলামা দলের ওয়ার্ড কমিটির সভাপতি এ কে এম রকিব উদ্দিন ওরফে মুকুল হত্যার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার এলাকাবাসী সড়কে অবস্থান করে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

এসব কর্মসূচিতে হত্যাকারীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। সকাল ১০টায় কুমিল্লা শহরতলীর নোয়াপাড়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নোয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, চলতি বছরের ১৩ মে ভোরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আরিফের নেতৃত্বে একই এলাকার রাসেল, মোহাম্মদ সেলিম মিয়া, করিম, সবুজ, আবুসহ চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়ে রকিব উদ্দিনকে হত্যা করে। এ সময় গুলি করে সাইফুল ও রিফাত নামে আরও দুজনকে হত্যার চেষ্টা করা হয়। রিফাত এখনো ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হত্যাকারীরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এলাকার ১১ জনকে হত্যা করা হবে বলে তালিকা তৈরি করেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী রকিব উদ্দিন হত্যাকাণ্ড এবং সাইফুল ও রিফাত হত্যাচেষ্টাকারীদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, মহাসড়কে অবস্থান ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তাঁরা। গত ১৬ দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তাঁরা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহত রকিব উদ্দিনের স্ত্রী নুরুন্নাহার আক্তার আঁখি, গুলিবিদ্ধ ফাহিমের মা রওশন আরা, আহত সাইফুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার ও সাইফুলের ছোট ভাই খায়রুল ইসলামের স্ত্রী রুমি আক্তার, নোয়াপাড়া গ্রামের বাসিন্দা জামাল হোসেন, আবদুর রাজ্জাক ও বাবুল আহমেদ।

১৩ মে নোয়াপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে তিনজনকে গুলি করা হয়। এরপর বাড়ি থেকে ফেরার পথে এ কে এম রকিব উদ্দিনকে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়।