রক্ত, আর্তনাদ হাসপাতালজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কাতরাচ্ছেন বিছানায়। ব্যান্ডেজ ছাপিয়ে ছোপ ছোপ রক্ত। কারও স্বজনেরা চিৎকার করে চিকিৎসকদের ডাকছেন। স্বজন-সহকর্মীর রক্তের জন্য দৌড়াচ্ছেন ছাত্রনেতা, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা। সাহায্য করতে এসেছেন অনেকেই। গতকাল শনিবার রাতে জঙ্গি অভিযানের মধ্যেই জোড়া বোমা হামলার পর আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চাঁদনীঘাট এলাকার ওয়াহিদুল ইসলাম অপু মারা গেছেন। তাঁর
বন্ধু জয় শর্মা কাঁদছিলেন আর বলছিলেন, ‘ওর বাবা নাই। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। গতকাল বিকেলে ফোন করে বলে অভিযান দেখতে যাচ্ছি, তোরা আয়। এসে দেখি ও লাশ হয়ে আছে।’
রাতে হাসপাতালে মারা যান ব্যবসায়ী শহীদুল ইসলাম (২৮)। সিলেটের দাড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুলের ভাই সাইদুল ইসলাম বিলাপ করছিলেন, ‘কী থেকে কী হয়ে গেল বুঝলাম না।’
একটি শিল্পপ্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি নাজিমউদ্দীনের বাঁ পা, দুই হাত ও মাথায় স্প্লিন্টার বিঁধেছে। দেড় মাসের একটি ছেলেসহ পরিবারের আট সদস্য নির্ভর করে নাজিমের আয়ের ওপর। ব্যবসায়িক কাজে ওই এলাকায় গিয়ে আহত হন তিনি। তাঁর মা নাজনীন বেগম বলেন, ‘আমার সংসারো ই কুন আগুন লাগলো।’
গুরুতর আহত র্যা ব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজাদের জন্য কাঁদছেন, কাঁদতে কাঁদতে ছুটছেন সহকর্মীরা। রাত সাড়ে ১০টায় তাঁকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর জন্য কাঁদছেন কয়েকজন পুলিশ সদস্য। ‘স্যার, কী হলো এটা!’ বলে কাঁদতে দেখা যায় একজনকে।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক জান্নাতুল ফাহিমকে এখন পর্যন্ত ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ছাত্রলীগের সতীর্থরা রক্ত জোগাড়ে ছোটাছুটি করছেন।
রাত ১০টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় প্রথম আলোকে জানান, তাঁদের হাসপাতালে চারজনের মরদেহ আছে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা।