রাজধানীর শাহবাগে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের একজন সংগঠক ব্লগার রাজীবের রক্ত ও তাঁর হাতে থাকা চুলের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে রাজীব হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত রক্ত ও রাজীবের হাতে থাকা চুলের ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে হাকিম এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডিএনএ পরীক্ষার ফলাফল-সংক্রান্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তাকে প্রদানের নির্দেশ দেন। গতকাল ডিবি পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম এই আবেদন করেন।১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পলাশনগরের বাসার প্রাচীরের পাশ থেকে রাজীবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। রাজীবের মুষ্টিবদ্ধ বাম হাতে কয়েকটি মাথার চুল পাওয়া যায়। হামলার সময় তিনি আঘাতকারী কারও মাথার চুল জাপটে ধরতে পারেন অথবা তা রাজীবের নিজের চুলও হতে পারে। এ ছাড়া নিহত রাজীবের ল্যাপটপের ওপর পড়ে থাকা রক্তের নমুনা এবং চুলগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।