রক্ত ঢেলে ক্লাস নেওয়ার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দোলন চলাকালে ক্লাস নেওয়ায় রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: শহীদুজ্জামান সাগর
আন্দোলন চলাকালে ক্লাস নেওয়ায় রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: শহীদুজ্জামান সাগর

আন্দোলন চলাকালে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ায় রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেছেন, ‘আমরা যে রক্ত দিয়েছি তা সায়াদের প্রতীকী রক্ত। আমরা ক্লাস বর্জন করার পরও কোনো শিক্ষক-শিক্ষার্থী যদি ক্লাস করেন তাহলে ওই রক্তের ওপর দিয়ে যেতে হবে।’ পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেন।

ছাত্রলীগ নেতা ও  মাত্স্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার পরীক্ষা না দেওয়ার কথা জানিয়ে ক্লাসে যোগ দেন শিক্ষার্থীরা। কিন্তু ওই দিন কয়েকটি অনুষদে পরীক্ষা নেওয়া হয়। এর প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে উপাচার্যের সঙ্গে সমঝোতা না হওয়ায় আজও ক্লাস-পরীক্ষা বর্জন করেন তাঁরা। তবে আজও বিশ্ববিদ্যালয়ে কয়েকটি অনুষদে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা অনুষদীয় ভবনের গেটে নিজেদের রক্ত ঢেলে দেন।

সায়াদের হত্যাকারীদের নাম প্রকাশ করে মামলা করা, সম্পূরক তদন্ত কমিটি করে আজীবন বহিষ্কার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে ১৫ এপ্রিল প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। গত মঙ্গলবার ছিল আলটিমেটামের শেষ দিন। দাবি পূরণ না হওয়ায় ওই দিন থেকে আবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

পরীক্ষা নেওয়ার বিষয়ে ডিন কাউন্সিলের আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদ বলেছেন, আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত রয়েছে। পরীক্ষা না নিতে গতকাল সকাল ১০টার দিকে ডিনদের চিঠি দেওয়া হয়েছে।