ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আবারও ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগের দিন বুধবার পরীক্ষা না দেওয়ার শর্তে ক্লাসে ফিরেছিলেন তাঁরা।
এদিকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার পরও গতকাল বেশ কয়েকটি অনুষদে শিক্ষকেরা ক্লাস নেওয়ায় অনুষদীয় ভবনের গেটে নিজেদের রক্ত ঢেলে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সায়াদের হত্যাকারীদের নাম প্রকাশ করে মামলা, সম্পূরক তদন্ত কমিটি করে দোষীদের আজীবন বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ১৫ এপ্রিল প্রশাসনকে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটামের শেষ দিন ছিল গত মঙ্গলবার। ওই দিন রাতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সমিতি ও ডিন কাউন্সিলের সভা হয়। সভায় সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও সব খুনিকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার শর্তে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার তাঁরা ক্লাসে ফেরেন। তবে ওই দিনই কয়েকটি অনুষদে পরীক্ষা নেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। একই সঙ্গে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে উপাচার্যের সঙ্গে সমঝোতা না হওয়ায় গতকাল আবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তাঁরা।
এদিকে, গতকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার পরও বেশ কয়েকটি অনুষদে শিক্ষকেরা ক্লাস নেওয়ার প্রতিবাদে দুপুর ১২টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদে গিয়ে শিক্ষার্থীরা সিরিঞ্জ দিয়ে নিজেদের রক্ত বের করে সব অনুষদীয় ভবনের গেটে তা ঢেলে দেন।
এ ব্যাপারে আন্দোলনকারীরা বলেন, ‘আমরা যে রক্ত দিয়েছি তা সায়াদের প্রতীকী রক্ত। আমরা ক্লাস বর্জন করার পরও কোনো শিক্ষক-শিক্ষার্থী যদি ক্লাস করেন তাহলে এই রক্তের ওপর দিয়েই তাঁদের যেতে হবে।’
পরীক্ষা নেওয়ার বিষয়ে ডিন কাউন্সিলের আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদ বলেন, আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত রয়েছে। পরীক্ষা না নিতে বুধবার সকালে ডিনদের চিঠি দেওয়া হয়েছে।