রক্ত দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রহূত, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গিয়ে কর্মচারীদের হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাঁর নাম সাখাওয়াত হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষে পড়েন। আহত অবস্থায় তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরের রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি হাসপাতালের ব্লাড ব্যাংকের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, এক আত্মীয়কে রক্ত দিতে সাখাওয়াত হোসেন ও তাঁর সহপাঠী আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে যান। সেখানে রক্তদানসংক্রান্ত ফরম পূরণ করার সময় দুজনে পরামর্শ করছিলেন। হাসপাতালের কর্মচারীরা তাঁদের কথা বলতে বারণ করেন। একপর্যায়ে ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন তাঁরা। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নুরুন্নবী, মিজানুর রহমান, বরুণচন্দ্র বিশ্বাসসহ বেশ কয়েকজন কর্মচারী সাখাওয়াতকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ সময় অন্য রোগী ও তাদের অভিভাবকেরা তাঁদের উদ্ধার করেন। আহত সাখাওয়াতকে ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আবদুল লতিফ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত কর্মচারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।