সরকারি কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা জনগণের সেবক, জনগণের সেবা করব। জনগণের রক্ত ঘামঝরা অর্থ দিয়েই তো আমাদের বেতন-ভাতা, আমাদের সবকিছু। এই কথাটা এক মুহূর্তের জন্যও যেন আমরা ভুলে না যাই।’ জনগণের সেবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই। কোনো দিন গরিব-দুঃখীর ওপর অত্যাচার করবেন না।’
শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষের কল্যাণে কাজ করতে গিয়েই জাতির পিতা জীবন দিয়ে গেছেন। এই ওয়াদা তিনি ৭ মার্চের ভাষণসহ বহু জায়গায় করেছেন এবং জীবন দিয়ে, রক্ত দিয়ে সেই ওয়াদাই তিনি পালন করে গেছেন।
প্রধানমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে বলেন, ‘এ উদ্যোগের মতো মহৎ আর কিছু হতে পারে না।...রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান, মানুষের পাশে দাঁড়ান।’
তিনি নিজেও ৫৬-৫৭ বছর বয়স পর্যন্ত নিয়মিত রক্ত দিতেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশে ফেরার পর থেকে ১৫ আগস্ট উপলক্ষে প্রতিবছর আয়োজিত রক্তদান কর্মসূচিতে নিজেও রক্ত দিয়েছেন। এখন বয়স হয়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও আর দিতে পারেন না। প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো কাজ আমরা হাতে নিই না কেন, তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের ওপর অনেকাংশে বর্তায়। কাজেই আপনারা আন্তরিকতার সঙ্গে সেই কাজ সম্পাদন করবেন।’
শেখ হাসিনা বলেন, ‘যেসব আন্তর্জাতিক শক্তি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পরে তাদের ষড়যন্ত্রেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমার মা ফজিলাতুন্নেছা, আমার ভাই শেখ কামাল, জামাল, ছোট্ট রাসেলকেও তারা হত্যা করে।’ এ সময় প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করা এবং বিচারাধীন যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে রাজনীতিতে পুনর্বাসনের তীব্র সমালোচনা করেন।
উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী রক্তদান কর্মসূচি ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।